কলকাতা, ৩১ অক্টোবরঃ উচ্চমাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে কি ফের বদল আসতে চলেছে? আগামী শিক্ষাবর্ষ থেকে উঠে যেতে পারে সেমেস্টার প্রথা? রাজ্যে সরকার বদলের পর থেকেই এই নিয়ে জল্পনা বাড়ছে। যদিও সেমেস্টার ব্যবস্থা তুলে দেওয়া বা পুরনো পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে শিক্ষকদের একাংশের মতামতকে গুরুত্ব দিয়ে বিষয়টি পর্যালোচনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তাঁর মন্তব্যের পরেই নতুন করে জোরালো হয়েছে উচ্চমাধ্যমিকের পরীক্ষা পদ্ধতি বদলের সম্ভাবনা।
বিগত তৃণমূল সরকারের আমলে উচ্চমাধ্যমিকের পরীক্ষা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনা হয়েছিল। চালু হয়েছিল সেমেস্টার পদ্ধতি। সেই নিয়মে একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট চারটি সেমেস্টার পরীক্ষায় বসতে হয় পড়ুয়াদের। অর্থাৎ, একবারের চূড়ান্ত পরীক্ষার বদলে ধাপে ধাপে মূল্যায়নের ব্যবস্থা চালু করা হয়। নতুন পদ্ধতির উদ্দেশ্য ছিল পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং পরীক্ষার চাপ ভাগ করে দেওয়া।
কিন্তু এই ব্যবস্থা নিয়ে শিক্ষকদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর। তাঁদের বক্তব্য, সেমেস্টার পদ্ধতিতে পড়ুয়াদের সার্বিক শিক্ষার উন্নতি প্রত্যাশিত মাত্রায় হচ্ছে না। বরং ঘন ঘন পরীক্ষার চাপে পড়াশোনার স্বাভাবিক ছন্দ ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে সেমেস্টার ব্যবস্থা পুনর্বিবেচনার দাবি উঠেছে। সেই মর্মে বিকাশ ভবনে প্রস্তাবও জমা পড়েছে বলে জানা গিয়েছে।
শিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেন, “অনেক মাস্টারমশাই আমাদের বলেছেন যে সেমেস্টার সিস্টেমে ছাত্ররা যথাযথ উপকৃত হচ্ছে না। একটা বড় অংশের ধারণা এটাই। আমার ব্যক্তিগত ধারণা একজন শিক্ষক, সেই জায়গা থেকে আমরা বিষয়টাকে পর্যালোচনার পর্যায়ে রাখছি।”
শিক্ষামন্ত্রীর এই বক্তব্য থেকেই স্পষ্ট, বিষয়টি আপাতত আলোচনার স্তরে রয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদেও এ নিয়ে বৈঠক হয়েছে বলে খবর। তবে সেমেস্টার ব্যবস্থা তুলে দেওয়া হবে, নাকি বর্তমান পদ্ধতিতেই কিছু পরিবর্তন আনা হবে, তা এখনও নির্ধারিত নয়।
একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকদের নজর এখন শিক্ষা দফতরের পরবর্তী সিদ্ধান্তের দিকে। আগামী শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের পরীক্ষা কোন নিয়মে হবে, তার উত্তর মিলতে পারে প্রশাসনিক পর্যালোচনা শেষ হওয়ার পরেই।




