খবরিয়া ২৪ ডেস্ক, ২৫ ফেব্রুয়ারিঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কি পিছিয়ে যাচ্ছে? রাজ্যের রাজনৈতিক মহলে এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নই। ১ ও ২ মার্চ রাজ্যে আসার কথা ছিল নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দলের। নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও নির্ধারিত ছিল। তবে আপাতত সেই বৈঠক স্থগিত রাখা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, পরবর্তীকালে বৈঠকের নতুন দিন ঘোষণা করা হবে।
২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। তার পরেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ প্রতিনিধিদলের রাজ্যে আসার সম্ভাবনা ছিল। তাঁরা রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে দিল্লি ফিরে গিয়ে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারেন—এমনই জল্পনা চলছিল। কিন্তু আচমকা বৈঠক পিছিয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে, এসআইআর ঘিরে টালমাটাল পরিস্থিতিই কি এর কারণ?
রাজ্যে খসড়া ভোটার তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছিল। যদিও শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পরও সংশোধনের কাজ চলবে এবং ধাপে ধাপে সম্পূরক তালিকা প্রকাশ করা হবে।
কমিশনের নির্ধারিত বৈঠকে জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকার কথা ছিল। তবে ১ মার্চ রাজ্যজুড়ে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি নিয়োগ পরীক্ষা রয়েছে। একই দিনে ইডেন গার্ডেন্সে টি-২০ বিশ্বকাপের সুপার এইট ম্যাচও রয়েছে। এই কারণগুলিকেই বৈঠক পিছনোর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
যদিও আনুষ্ঠানিকভাবে ভোট পিছোনোর ঘোষণা হয়নি, তবু প্রতিনিধি দলের সফর স্থগিত হওয়ায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণায় বিলম্ব হতে পারে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। এখন নজর ২৮ ফেব্রুয়ারির ভোটার তালিকা প্রকাশ ও পরবর্তী সিদ্ধান্তের দিকে।





