কলকাতা, ১৭ এপ্রিলঃ বাংলার বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েকদিন বাকি। ঠিক এই সময়েই দক্ষিণ কলকাতার রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে আয়কর দফতরের হানাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ভোরে এই অভিযান শুরু হয়, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
সূত্রের খবর, শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আয়কর বিভাগের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মনোহরপুকুরে অবস্থিত দেবাশিস কুমারের বাড়ি ও তাঁর কার্যালয়ে পৌঁছন। এরপর একযোগে দুটি ঠিকানায় তল্লাশি শুরু হয়। তবে ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই অভিযান, তা এখনও স্পষ্ট নয়। তল্লাশি চলাকালীন প্রচার বন্ধ রেখে বাড়িতেই অবস্থান করছেন তৃণমূল প্রার্থী।
এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব ও সমর্থকরা। আয়কর হানার খবর পেয়ে বহু কর্মী-সমর্থক প্রার্থীর কার্যালয়ের সামনে জড়ো হন এবং স্লোগান দিতে থাকেন। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে ভোটের আগে বিরোধী দলকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। এমনকী কার্যালয়ে থাকা নথিপত্র খতিয়ে দেখার পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
অন্যদিকে, সম্প্রতি একই প্রার্থীকে জমি সংক্রান্ত এক প্রতারণা মামলায় তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই মামলায় হাজিরাও দেন তিনি। তদন্তে উঠে আসে, একটি প্রকল্পের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে। এমনকী জোর করে জমি দখলের অভিযোগও সামনে এসেছে। সেই সূত্র ধরেই এই আয়কর তল্লাশি কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।
ভোটের আগে এই ধরনের কেন্দ্রীয় সংস্থার সক্রিয়তা নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে রাজ্যে। ঘটনার দিকে এখন নজর রয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ ভোটার সবারই।





