খবরিয়া ২৪ ডেস্ক, ১৪ জানুয়ারিঃ গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে I-PAC সংক্রান্ত ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তল্লাশি। তল্লাশির সময় ঘটে যাওয়া অরাজকতা ঘিরে শুরু হয় তীব্র রাজনৈতিক বিতর্ক, যা শেষ পর্যন্ত পৌঁছে যায় কলকাতা হাই কোর্টে। ED এবং তৃণমূল কংগ্রেস একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করে। তবে গত শুক্রবার মামলার শুনানির সময় এজলাসে চরম হইচই ও বিশৃঙ্খলার জেরে শুনানি বন্ধ করে দিতে হয় আদালতকে।
এই পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না হয়, সে জন্য এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা হাই কোর্ট। বুধবার ফের ED ও তৃণমূল কংগ্রেস সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। আদালত সূত্রে খবর, শান্তিপূর্ণভাবে শুনানি সম্পন্ন করতেই কোর্টরুমে প্রবেশের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে মামলার শুনানি শুরু হবে। এই শুনানিতে শুধুমাত্র মামলার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের আইনজীবীদের কোর্টরুমে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আইনজীবী ছাড়া অন্য কোনও ব্যক্তি, দর্শক বা রাজনৈতিক প্রতিনিধি কোর্টরুমে ঢুকতে পারবেন না। স্পষ্ট নিষেধাজ্ঞার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে আদালতের তরফে জানানো হয়েছে, মামলার শুনানি সরাসরি সম্প্রচার করা হবে। যাঁরা শুনানিতে যুক্ত হতে চান, তাঁরা ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নিতে পারবেন। এতে স্বচ্ছতা বজায় থাকবে এবং আদালতের ভিতরে ভিড় বা বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। রেজিস্ট্রার জেনারেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অনুমতি সাপেক্ষেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে I-PAC কাণ্ডে রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও জোড়া মামলা দায়ের করেছে ED। একটি মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিজে এবং অন্যটি দায়ের করেছেন ED-র তিন আধিকারিক। তবে কলকাতা হাই কোর্টের রায় ঘোষণার পরেই সুপ্রিম কোর্টে ওই মামলাগুলির শুনানি হবে বলে জানা গিয়েছে।





