খবরিয়া ২৪ ডেস্ক, ১৯ জানুয়ারিঃ রয়েছে চেয়ার, রয়েছে স্বাস্থ্য পরীক্ষার যাবতীয় সরঞ্জাম।কিন্তু মানুষের দেখা নেই। অন্যদিকে, ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। রবিবার ছুটির দিনে নন্দীগ্রামে এমনই দুই বিপরীত ছবি ধরা পড়ল। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে বিজেপির স্বাস্থ্য পরীক্ষা শিবির প্রায় জনশূন্য, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরে মানুষের ঢল। বিধানসভা ভোটের আগে এই দৃশ্য রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
নতুন বছরের শুরুতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নন্দীগ্রাম বিধানসভার দু’টি ব্লকে ১৫ দিনের সেবাশ্রয় স্বাস্থ্য শিবির শুরু হয়েছে। নন্দীগ্রাম ১ ব্লকের বাইপাস সংলগ্ন মাঠ এবং নন্দীগ্রাম ২ ব্লকের খোদামবাড়ি হাইস্কুল সংলগ্ন মাঠে চলছে এই ক্যাম্প। প্রায় ১৫টি বিভাগে চিকিৎসা পরিষেবা মিলছে বলে জানা গিয়েছে। ১৫ জানুয়ারি শুরু হওয়া এই শিবিরে চারদিনেই কয়েক হাজার মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন।
রবিবার ছুটির দিন হওয়ায় দুই সেবাশ্রয় ক্যাম্পেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বাসিন্দাদের দাবি, হৃদরোগসহ নানা জটিল পরীক্ষার সুযোগ মিলছে এবং প্রয়োজন হলে কলকাতায় নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে।
অন্যদিকে, নন্দীগ্রামের মনোহরপুরে ইয়ংস্টার ক্লাবের মাঠে শুভেন্দু অধিকারীর উদ্যোগে বিজেপির স্বাস্থ্য পরীক্ষা শিবির বসে। কিন্তু সেখানে দুপুর পর্যন্ত হাতে গোনা কয়েকজন ছাড়া তেমন কাউকেই দেখা যায়নি। ফাঁকা চেয়ারের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। এদিন শুভেন্দু অধিকারী নিজে উপস্থিত ছিলেন না, তিনি সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভায় যোগ দেন।
এই প্রসঙ্গে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল বলেন, গ্রামেগঞ্জে আলাদা করে স্বাস্থ্য শিবির চলছে বলেই এখানে ভিড় কম। পাল্টা তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গের কটাক্ষ, নন্দীগ্রামে বিজেপির জনভিত্তি কমছে, সেবাশ্রয় শিবিরই তার প্রমাণ। ভোটের আগে নন্দীগ্রামে এই দুই ছবিই এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে।





