শিলিগুড়ি, ২৩ ডিসেম্বর: গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত দুই যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল শিলিগুড়ি মহকুমার ফাস্ট ট্র্যাক আদালত। দীর্ঘ প্রায় দুই বছর ধরে চলা বিচার প্রক্রিয়া শেষে মঙ্গলবার এই রায় ঘোষণা করেন বিচারপতি। পাশাপাশি আদালত প্রতিটি অভিযুক্তকে ভুক্তভোগীকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ক্ষতিপূরণ অনাদায়ে আরও এক বছরের অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ঘটনাটি ২০২৩ সালে মাটিগাড়া থানার অন্তর্গত খাপরাইল এলাকার একটি নির্জন স্থানে ঘটে। অভিযোগ অনুযায়ী, এক ছাত্রী প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফেরার পথে তারই দুই সহপাঠী তাকে পথ আটকায় এবং গণধর্ষণ করে। ঘটনার পর সাহস সঞ্চয় করে ছাত্রীটি মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে মাটিগাড়া থানার পুলিশ। তদন্তে অভিযোগের সত্যতা মিলতেই আলয় রায় ও বিশাল মহন্ত নামে অভিযুক্ত দুই সহপাঠীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করে আদালতে চার্জশিট জমা দেয়।
দীর্ঘ বিচার চলাকালীন সময়ে একাধিক সাক্ষীর বয়ান,চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট এবং অন্যান্য প্রমাণ আদালতে পেশ করা হয়। সমস্ত দিক খতিয়ে দেখে আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে কঠোর সাজা ঘোষণা করে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এমন অপরাধ সমাজের জন্য অত্যন্ত ভয়াবহ এবং এর বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া জরুরি।
এই রায়কে স্বাগত জানিয়েছেন আইনজীবী মহল ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তাঁদের মতে, এই সাজা নারীর সুরক্ষা ও ন্যায়বিচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করল। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তারা সর্বদা কঠোর অবস্থান নেবে।





