নয়াদিল্লী, ১৭ নভেম্বরঃ দীর্ঘ আইনি লড়াইয়ের পরে যে নিরাপত্তার বোধ ফিরে পেয়েছিলেন, তা কি ফের হারিয়ে যাচ্ছে? বিলকিস বানোর কথায়, ‘‘আমার খুব ভয় লাগছে।’’ ২০০২ সালের গুজরাট দাঙ্গায় গণধর্ষণের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে সুপ্রিম কোর্টের জামিন দেওয়ার পরেই পুরনো আতঙ্ক ফিরে আসার কথা জানালেন তিনি। একই সঙ্গে জানিয়ে দিলেন, এই নির্দেশের বিরুদ্ধে ফের আইনি লড়াইয়ে নামবেন।
মঙ্গলবার আইনজীবী শোভা গুপ্তার মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেন বিলকিস। সেখানে তাঁর অভিযোগ, শীর্ষ আদালতের নির্দেশের আগে নিজের বক্তব্য জানানোর কোনও সুযোগ পাননি তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই জামিনের খবর জানতে পেরেছেন। বিষয়টি তাঁকে হতবাক করেছে বলেও জানিয়েছেন তিনি।
২০০২ সালের সেই ভয়াবহ দিনের স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় বিলকিসকে। দাঙ্গার সময় তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর। সেই ঘটনায় নিজের মেয়ে, পরিবার, ঘরবাড়ি সব কিছু হারানোর পাশাপাশি মানবতার উপর থেকেও বিশ্বাস হারিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, গত ২৪ বছর ধরে নিজের জন্য এবং দেশের সর্বত্র নারীদের ন্যায়বিচারের দাবিতে লড়াই চালিয়ে গিয়েছেন। মানুষের সমর্থনই তাঁকে সেই লড়াইয়ের সাহস জুগিয়েছে। ধীরে ধীরে বিচারব্যবস্থার উপর আস্থা ফিরে পেতেও সাহায্য করেছে।
কিন্তু সাম্প্রতিক জামিনের নির্দেশ সেই নিরাপত্তাবোধে ফের আঘাত করেছে বলে দাবি বিলকিসের। তাঁর কথায়, এত দিন ধরে যে ন্যায়বিচারের জন্য লড়াই করেছেন, তা যেন আবার হাতছাড়া হয়ে যাচ্ছে। পুরনো আতঙ্ক ফিরে আসছে। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, তাঁদের যেন সারাজীবন ভয় ও অতীতের ক্ষতচিহ্ন বয়ে বেড়াতে না হয়, সে কারণেই এই লড়াই চালিয়ে যাবেন।
উল্লেখ্য, ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় গণধর্ষণের শিকার হন বিলকিস। এই ঘটনায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০২২ সালের ১৫ অগস্ট গুজরাট সরকারের সিদ্ধান্তে মুক্তি পান তাঁরা। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান বিলকিস। পরে শীর্ষ আদালত জানায়, আসামিদের মুক্তি দেওয়ার ক্ষেত্রে গুজরাট সরকারের সিদ্ধান্ত গ্রহণের এক্তিয়ার ছিল না এবং তাঁদের জেলে ফিরতে হবে। এ বার সেই মামলার দুই সাজাপ্রাপ্তের জামিন ঘিরেই নতুন করে বিতর্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।





