কলকাতা, ২৭ মেঃ স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় অভিযুক্ত ও দীর্ঘদিন ফেরার থাকা রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন-কে নাটকীয়ভাবে ধরে পুলিশের হাতে তুলে দিলেন এক যুবক। সোমবার রাতে নিউটাউনে বেপরোয়া গাড়ি চালিয়ে এক পথচারীকে গুরুতর জখম করার অভিযোগ ওঠে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। আর সেই ঘটনার প্রত্যক্ষদর্শী হয়ে সাহসিকতার পরিচয় দেন মুর্শিদাবাদের যুবক শাকিল আহমেদ।
জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় বিলাসবহুল গাড়ি চালিয়ে এক বাইক আরোহীকে ধাক্কা মারেন প্রশান্ত। আহত হন মমতাজুল শেখ নামে এক ব্যক্তি। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শাকিল। তিনি অভিযুক্তকে চিনতে পেরে ফেসবুক লাইভ শুরু করেন এবং ধাওয়া করে গাড়ি আটকান। পরে পুলিশ এসে প্রশান্ত বর্মনকে আটক করে।
তবে আদালতে সময়মতো প্রয়োজনীয় নথি জমা না পড়ায় মঙ্গলবার রাতে জামিন পেয়ে যান অভিযুক্ত বিডিও। এই ঘটনায় বিস্মিত শাকিল বলেন, “মৃত্যুকেও ভয় পাই না। অন্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে প্রতিবাদ করব।”
ভিডিওতে দেখা যায়, প্রশান্ত বর্মন শাকিলকে হুমকি দিচ্ছেন এবং মোবাইল কেড়ে নেওয়ারও চেষ্টা করছেন। কিন্তু তাতেও পিছিয়ে যাননি ওই যুবক। তাঁর এই সাহসিকতার প্রশংসায় সরব হয়েছেন বহু মানুষ।
উল্লেখ্য, গত অক্টোবরে সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা অপহরণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে প্রশান্ত বর্মনের নাম। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করেছিল পুলিশ।





