নন্দীগ্রাম, ১৪ মার্চঃ আজ নন্দীগ্রাম দিবস। প্রায় ১৯ বছর আগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-এ ঘটে যাওয়া রক্তাক্ত ঘটনার স্মৃতিতে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সেই দিনটিকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
তিনি তাঁর বার্তায় লিখেছেন, “নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রাম, সিঙ্গুর ও নেতাই-সহ সমগ্র বিশ্বের সকল শহিদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং অন্তরের গভীর প্রণতি।”
২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে জমি অধিগ্রহণের প্রতিবাদে আন্দোলনের সময় পুলিশের গুলিতে অন্তত ১৪ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই সময় জমি রক্ষার দাবিতে গড়ে ওঠা আন্দোলন রাজ্য রাজনীতিতে বড় মোড় ঘুরিয়ে দেয়। তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওই ঘটনার পরই রাজ্যে ক্ষমতার পালাবদলের পথ তৈরি হয়। ২০১১ সালে দীর্ঘ ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর থেকে প্রতি বছরই নন্দীগ্রাম দিবসকে বিশেষভাবে পালন করে শাসকদল।
বর্তমানে আবারও রাজ্যের দুয়ারে বিধানসভা নির্বাচন। প্রায় দুই দশকে রাজ্যের রাজনৈতিক সমীকরণও বদলে গেছে অনেকটাই। একসময়কার প্রধান বিরোধী শক্তি এখন ক্ষমতায়, আর তৎকালীন শাসক দল ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)রাজ্যের রাজনীতিতে অনেকটাই প্রভাব হারিয়েছে। অন্যদিকে তখন তুলনামূলকভাবে প্রান্তিক শক্তি থাকা বিজেপি এখন রাজ্যের প্রধান বিরোধী দল।
উল্লেখযোগ্যভাবে, একসময় মমতার ঘনিষ্ঠ সহযোগী থাকা শুভেন্দু অধিকারী বর্তমানে বিজেপির হয়ে নন্দীগ্রাম থেকেই রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। ফলে নন্দীগ্রাম দিবস ঘিরেও এখন রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট।
তবুও ২০০৭ সালের সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি এখনও তাজা রাজ্যবাসীর মনে। প্রতি বছর ১৪ মার্চ শহিদদের স্মরণে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালন করা হয় নন্দীগ্রাম দিবস।
ভুলিনি সেই রক্তাক্ত দিন’ নন্দীগ্রাম দিবসে শহিদদের স্মরণে মমতার শ্রদ্ধা
---Advertisement---





