মুর্শিদাবাদ, ২১ সেপ্টেম্বরঃ অডিয়ো-বিতর্কের তদন্তে বহরমপুর থানায় হাজিরা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। সোমবার নির্ধারিত সময়ের আগেই থানায় পৌঁছন তিনি। কয়েক দিন আগে তাঁর বাড়িতে গিয়ে হাজিরার নোটিস দিয়েছিল বহরমপুর থানার পুলিশ।
ঘটনার সূত্রপাত একটি ভাইরাল অডিয়ো ক্লিপকে ঘিরে। অভিযোগ, মুর্শিদাবাদে নির্মীয়মাণ বাবরি মসজিদে রাতের অন্ধকারে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তি তৈরির পরিকল্পনা নিয়ে দু’জনের মধ্যে কথোপকথন হয়েছিল। সেই কথোপকথনের এক প্রান্তে হুমায়ুন কবীরের কণ্ঠস্বর রয়েছে বলে অভিযোগ ওঠে। যদিও অডিয়োটির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।
এই ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তদন্তের সূত্র ধরেই হুমায়ুন কবীরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয় বলে পুলিশ সূত্রে খবর। গত ১৯ সেপ্টেম্বর তাঁর বাড়িতে গিয়ে নোটিস দিয়েছিল বহরমপুর থানার পুলিশ এবং ২১ সেপ্টেম্বর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।
এ দিকে, অশান্তির পরিকল্পনার অভিযোগ আগেই অস্বীকার করেছেন হুমায়ুন। তাঁর দাবি, অডিয়োতে তাঁর সঙ্গে যে কথোপকথন শোনা যাচ্ছে, সেখানে তিনি কোনও অশান্তির পরিকল্পনায় সম্মতি দেননি। বরং তাঁকে ফাঁসানোর জন্য চক্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।
রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে এই অডিয়ো-বিতর্ক ঘিরে মুর্শিদাবাদে রাজনৈতিক চাপানউতোরও তীব্র হয়েছে। সেই আবহেই এ দিন থানায় হাজিরা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান।





