মাথাভাঙ্গা, ১৯ মার্চঃ আকস্মিক শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়ল মাথাভাঙ্গার বিস্তীর্ণ এলাকা। বুধবার রাতের ঝড় ও শিলাবৃষ্টিতে চাষের জমি থেকে শুরু করে ঘরবাড়ি সবকিছুতেই ধাক্কা লেগেছে। বিশেষ করে মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের পচাগড়, জোড়পাটকী ও কুর্শামারি গ্রাম পঞ্চায়েত এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিঘার পর বিঘা জমির তামাক, ভুট্টা, আলু, কচু সহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে গিয়েছে। ফসল ঘরে তোলার মুখে এমন বিপর্যয়ে মাথায় হাত পড়েছে চাষীদের। তাঁদের অভিযোগ, এই ফসলের ওপরই নির্ভর করে তাঁদের সংসার চলে, অথচ শিলাবৃষ্টিতে সব শেষ হয়ে গেল।
ক্ষতিগ্রস্ত চাষীরা জানান, আর কয়েকদিন পরেই ফসল তোলার কথা ছিল, কিন্তু তার আগেই প্রকৃতির এই রুদ্ররূপে বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তাই দ্রুত সরকারি সহযোগিতা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবলু বর্মন। তিনি চাষীদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। তাঁর বক্তব্য, ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে, শিলাবৃষ্টির জেরে মাথাভাঙ্গায় চাষীদের দুর্দশা এখন বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।





