শিলিগুড়ি, ৩০ সেপ্টেম্বরঃ ‘বন্দে মাতরম’-এর শতবর্ষ উদযাপনের আবহেই কলেজ ক্যাম্পাসে অশান্তি ও হেনস্থার অভিযোগ তুলে পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সংগঠনের দাবি, রাজ্যের বিভিন্ন কলেজে দেশাত্মবোধক প্রতীক এবং জাতীয়তাবাদী ভাবধারাকে ঘিরে উত্তেজনা তৈরি করা হচ্ছে। এর প্রতিবাদে এদিন মিছিল করে এবিভিপি।
প্রতিবাদ মিছিল থেকে কলেজ চত্বরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলা হয়। এবিভিপির উত্তরবঙ্গের যুগ্ম সম্পাদক অনিকেত দে সরকারের অভিযোগ, কয়েকটি কলেজে স্বামী বিবেকানন্দ ও ভারতমাতার মূর্তির সামনে পতাকা ধরার মতো ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। তাঁর দাবি, এ ধরনের ঘটনায় যুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এবিভিপির আরও অভিযোগ, এসএফআই এবং আইএসএফের মতো ছাত্র সংগঠনের একাংশ কলেজ ক্যাম্পাসে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করছে। যদিও এই অভিযোগের সমর্থনে নির্দিষ্ট কোনও ঘটনার বিস্তারিত তথ্য এদিনের মিছিল থেকে প্রকাশ্যে আনা হয়নি। ফলে অভিযোগ ঘিরে সংশ্লিষ্ট সংগঠনগুলির বক্তব্যও গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এবিভিপি নেতৃত্বের বক্তব্য, কলেজ চত্বরকে রাজনৈতিক সংঘাতের ক্ষেত্র না করে শিক্ষার পরিবেশ বজায় রাখাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। সেই সঙ্গে জাতীয় প্রতীক, দেশাত্মবোধক ভাবনা এবং মনীষীদের প্রতি সম্মান বজায় রাখার দাবিও জানানো হয়।
‘বন্দে মাতরম’-এর শতবর্ষকে কেন্দ্র করে দেশজুড়ে নানা কর্মসূচি চলার মধ্যেই কলেজ ক্যাম্পাসের ঘটনাকে ঘিরে এই প্রতিবাদ কর্মসূচি নতুন করে বিতর্ক তৈরি করেছে। এবিভিপির তরফে জানানো হয়েছে, কলেজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তার দাবিতে আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাবে তারা।





