আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটে হারতেই কি গ্রাম অন্ধকার? রাজস্থানে বিজেপি বিধায়কের ‘ঘনিষ্ঠের’ স্ত্রীর পরাজয়ের পর ৫০টি পথবাতি খোলা নিয়ে বিতর্ক

Published on: November 22, 2026
---Advertisement---

রাজস্থান, ২২ নভেম্বরঃ ভোটের ফল বেরোতেই কি বদলে গেল গ্রামের আলোর ভাগ্য? নির্বাচনের আগে যে পথবাতিতে রাতের অন্ধকার দূর হয়েছিল, ভোটে পরাজয়ের পর সেই বাতিই খুলে নেওয়ার উদ্যোগ! রাজস্থানের টঙ্ক জেলার পিপলু পঞ্চায়েত সমিতির চারটি গ্রামে প্রায় ৫০টি এলইডি পথবাতি খোলাকে কেন্দ্র করে এমনই বিতর্ক ছড়িয়েছে। অভিযোগের তির নিওয়াইয়ের বিজেপি বিধায়ক রামসহায় বর্মার ব্যক্তিগত সহকারী অলোক শর্মার দিকে। তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডে ভোটে পরাজিত হওয়ার পরেই বাতি খোলার কাজ শুরু হয়েছে বলে দাবি গ্রামবাসীদের একাংশের। যদিও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ মানতে নারাজ বিধায়ক এবং বিদ্যুৎ দফতর।

ঘটনাটি রনোলি গ্রাম পঞ্চায়েতের কুমহারন কি ধানি, বেগমপুরা, হানিফগঞ্জ ও বিজলপুরা গ্রামের। পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই চার এলাকায় বিদ্যুতের খুঁটিতে প্রায় ৫০টি এলইডি আলো লাগানো হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিধায়কের ব্যক্তিগত সহকারী অলোক শর্মার উদ্যোগেই ওই বাতিগুলি বসানো হয়। পঞ্চায়েত সমিতির নির্বাচনে ওই ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছিলেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা। কিন্তু ভোটের লড়াইয়ে জয় আসেনি। তার পরেই বাতি খোলার তৎপরতা শুরু হওয়ায় সন্দেহ দানা বাঁধে গ্রামবাসীদের মধ্যে।

বাতি খোলার কাজে গ্রামে পৌঁছেছিলেন বিদ্যুৎ দফতরের ‘ফল্ট রিপেয়ার টিম’ বা এফআরটি-র কর্মীরা। কিন্তু তাঁদের বাধার মুখে পড়তে হয়। কুমহারন কি ধানি এলাকায় প্রায় ১০টি খুঁটি থেকে আলো খুলে নেওয়া হলেও বাকি বাতিগুলি খোলার কাজ এগোয়নি। গ্রামবাসীদের আপত্তিতে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত নবনির্বাচিত গ্রাম প্রধানেরা বিদ্যুতের বিল মেটাতে রাজি হওয়ায় বাকি প্রায় ৪০টি খুঁটির আলো খোলার প্রক্রিয়া স্থগিত রাখা হয় বলে জানা গিয়েছে।

তবে বিদ্যুৎ দফতরের বক্তব্য, এর পিছনে ভোটের রাজনীতি নেই। ‘জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেড’-এর এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিআর মীনার দাবি, ত্রুটি মেরামতির কাজে গিয়ে কর্মীরা দেখতে পান, অনুমোদনহীন ও বেআইনি সংযোগের মাধ্যমে খুঁটিতে আলো লাগানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার পরই বাতি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। কী ভাবে ওই সংযোগ দেওয়া হয়েছিল, তা জানতে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

বিধায়ক রামসহায় বর্মাও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, দীপাবলির আগেই প্রার্থীরা ওই আলো লাগিয়েছিলেন। পরে বিদ্যুতের বিল সংক্রান্ত সমস্যা সামনে আসায় নিয়ম মেনেই পদক্ষেপ করেছে দফতর। নবনির্বাচিত প্রধানেরা বিল মেটাতে সম্মত হওয়ায় বাকি আলো খোলার কাজ বন্ধ রাখা হয়েছে।

কিন্তু ভোটের ফল প্রকাশের পরেই কেন এই তৎপরতা, সেই প্রশ্নই এখন ঘুরছে চার গ্রামে। প্রশাসনিক নিয়মের প্রশ্ন, না কি নির্বাচনী পরাজয়ের পর রাজনৈতিক প্রতিক্রিয়া তা স্পষ্ট হবে তদন্তের পরেই। আপাতত আলো জ্বলবে কি না, তার সঙ্গে জড়িয়ে গিয়েছে গ্রামের ভোটের অঙ্কও।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

প্রচারের আড়ালে থাকা মানবিক মুখগুলিকে স্বীকৃতি, শিলিগুড়িতে প্রথম ‘নর্থ বেঙ্গল হিউম্যানিটি অ্যাওয়ার্ড’, সম্মানিত ৭০ সংগঠন ও সমাজসেবী

বিচারপতির জন্য ‘গার্ড অফ অনার’, স্যালুট ঠুকলেন ওয়েইসিকে! সাহারানপুর পুলিশের কাণ্ডে হাসির রোল, তদন্তের নির্দেশ

রাস উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখতে মদনমোহন বাড়িতে জেলাশাসক! ২৫ নভেম্বর রাসমেলার উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী

বিষক্রিয়ায় অসুস্থ রেখা পাত্রের পাশে স্বাস্থ্যমন্ত্রী! হাসপাতালে গিয়ে দিলেন আশ্বাস, ‘দ্রুত সুস্থ হয়ে উঠবেন’

নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থান মন্দিরের উন্নয়নে ৩ কোটি, ফেব্রুয়ারিতে আধুনিক লঞ্চ পরিষেবা চালুর আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভুয়ো এফিডেভিট জমার অভিযোগে থানায় তৃণমূলের কোষাধ্যক্ষ! নিশানায় ঋতব্রত-অরূপ, নানুরের ওসি-সহ একাধিক পুলিশকর্তা

Leave a Comment