শিলিগুড়ি, ৬ নভেম্বরঃ মাটির ঢেলা থেকে ধীরে ধীরে ফুটে উঠছে দেবীর মুখ। কখনও তুলির সূক্ষ্ম আঁচড়ে প্রাণ পাচ্ছে প্রতিমা, কখনও নিপুণ হাতে তৈরি হচ্ছে কলকার নকশা। এত দিন প্রতিমা তৈরির জগতে পুরুষ কারিগরদেরই আধিপত্য ছিল। কিন্তু বদলাচ্ছে সেই চেনা ছবি। শিলিগুড়ির কুমোরটুলিতে এ বার মায়ের রূপসজ্জার কাজে হাত লাগিয়েছেন নতুন প্রজন্মের একঝাঁক তরুণী। কারও বয়স ২২, কারও ২৪। পারিবারিক পেশার গণ্ডি পেরিয়ে শিল্পের প্রতি ভালোবাসাকেই পুঁজি করে তাঁরা জায়গা করে নিচ্ছেন প্রতিমা শিল্পের আঙিনায়।
কুমোরটুলিতে এখন প্রায় ছয়-সাত জন তরুণী নিয়মিত কাজ করছেন। তাঁদের শেখার পথও আলাদা। কেউ বাবার হাত ধরে প্রথম প্রতিমা সাজানোর পাঠ নিয়েছেন, কেউ আবার ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে শিখেছেন শিল্পের খুঁটিনাটি। কারও আগ্রহ প্রতিমার রং করার কাজে, কেউ দক্ষ হয়ে উঠছেন কলকার ও অলংকার তৈরিতে। দুর্গাপুজোর ব্যস্ততা কাটতেই এখন কালীপুজোর প্রতিমা সাজানোর কাজে ব্যস্ত তাঁরা। সকাল থেকে রাত পর্যন্ত পুরুষ কারিগরদের সঙ্গে সমান তালে চলছে কাজ।
তেমনই একজন শরৎচন্দ্র পল্লির সুস্মিতা পাল। গত দু’বছর ধরে শিলিগুড়ির কুমোরটুলিতে প্রতিমা তৈরির কাজে যুক্ত তিনি। ছোটবেলা থেকেই শিল্পের প্রতি আকর্ষণ থাকায় বাবার কাছেই হাতেখড়ি। যদিও তাঁর বাবা পেশাদার প্রতিমাশিল্পী নন। বর্তমানে প্রতিমার কলকার তৈরিতে বিশেষ দক্ষতা অর্জন করেছেন সুস্মিতা। সদ্য স্নাতক হয়েও এই শিল্পকেই ভবিষ্যতের পেশা হিসেবে বেছে নিতে চান তিনি। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে তাঁর কাজ। সুস্মিতার কথায়, গত বছর তাঁর বয়সি মেয়েদের এই কাজে খুব একটা দেখা যেত না। কিন্তু এ বছর আরও চার-পাঁচ জন তরুণীকে কাজ করতে দেখে ভালো লাগছে তাঁর।
হায়দারপাড়ার আর এক তরুণীর গল্পও ব্যতিক্রমী। প্রায় চার-পাঁচ বছর ধরে প্রতিমা শিল্পের সঙ্গে যুক্ত তিনি। কোনও প্রশিক্ষকের কাছে নয়, সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখেই শিখেছেন কাজের নানা কৌশল। স্নাতক হওয়ার পর এখন আরও বেশি সময় দিচ্ছেন শিল্পচর্চায়। তাঁর মতে, এই কাজে দক্ষতার পাশাপাশি প্রয়োজন ধৈর্য, নিষ্ঠা এবং শিল্পের প্রতি ভালোবাসা।
আসলে শিল্পের কোনও লিঙ্গভেদ হয় না। শিলিগুড়ির কুমোরটুলিতে নতুন প্রজন্মের তরুণীরা যেন সেই কথাই আরও এক বার মনে করিয়ে দিচ্ছেন। তাঁদের হাতে মাটির প্রতিমা পাচ্ছে নতুন রূপ, আর বদলাচ্ছে এত দিনের চেনা কর্মজগতের ছবিও। আগামী দিনে এই তরুণীরাই হয়তো শিলিগুড়ির প্রতিমাশিল্পে তৈরি করবেন নতুন পরিচিতি।





