খবরিয়া ২৪ ডেস্ক, ৭ মার্চঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আবহে দেশে রান্নার গ্যাসের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকেই গৃহস্থালির ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম পিছু ৬০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে আগে যেখানে ১৪.২ কেজির একটি সিলিন্ডারের দাম ছিল ৮৭৯ টাকা, সেখানে এখন থেকে তা কিনতে হবে ৯৩৯ টাকায়। নতুন এই মূল্য শনিবার থেকেই কার্যকর হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক গ্যাসের দামও সিলিন্ডার পিছু ১১৪ টাকা ৫০ পয়সা বাড়িয়ে করা হয়েছে ১৯৯০ টাকা।
গ্যাসের এই মূল্যবৃদ্ধিতে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের রান্নাঘরে এর প্রভাব আরও স্পষ্টভাবে পড়বে বলেই মনে করা হচ্ছে। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় রেস্তরাঁ এবং হোটেল শিল্পেও খরচ বাড়তে পারে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটেও। এরই মধ্যে খবর মিলেছে, দুটি গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান ২১ দিন করা হয়েছে, যা নিয়ে আরও অসন্তোষ তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে তিনি কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেন। গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষ কীভাবে এই বাড়তি খরচ সামলাবে? “আগে থেকে কেন বিষয়টি ভাবা হল না ? দেশ বেচে দিয়ে গলায় মালা পরে ঘুরে বেড়াচ্ছিলেন?” এমন কটাক্ষও করেন তিনি।
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, তিনি নিজে সাদা পোশাকে থাকবেন এবং মিছিলে অংশগ্রহণকারী সাধারণ মানুষ ও নেতাকর্মীদের কালো পোশাক পরার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মহিলাদের হাতা-খুন্তি নিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার বার্তাও দিয়েছেন তিনি। এই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।





