পশ্চিম বর্ধমান, ১৬ জুনঃ রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর একের পর এক অভিযোগে তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের আবহে এবার গ্রেপ্তার হলেন রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল যুব নেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তাঁকে আদালতে তোলার জন্য থানার বাইরে আনা হলে বিক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়তে হয়। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং থানা চত্বর জুড়ে ওঠে ‘চোর চোর’ স্লোগান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একসময় রানিগঞ্জ এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে অতীতে পুলিশকে হুমকি দেওয়া, প্রভাব খাটানো এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল। বিরোধীদের দাবি, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। তবে সাম্প্রতিক সময়ে পুরনো অভিযোগগুলির তদন্তে গতি আসতেই তাঁকে গ্রেপ্তার করে রানিগঞ্জ থানার পুলিশ।
মঙ্গলবার ধৃত নেতাকে আদালতে পেশ করার জন্য থানার বাইরে আনা হলে আগে থেকেই সেখানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। পুলিশ তাঁকে নিয়ে বের হতেই বিক্ষোভ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকজন বিক্ষোভকারী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত নিরাপত্তা বলয় তৈরি করে পুলিশ। এরপর কোনওমতে তাঁকে পুলিশ ভ্যানে তুলে আদালতের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চাওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে।
এদিকে, একই দিনে নদিয়ার ফুলিয়া নবলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য নীলরতন ঘোষ ওরফে নরোত্তমকেও গ্রেপ্তার করেছে ফুলিয়া পুলিশ ফাঁড়ি। তাঁকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ এবং গ্রেপ্তারের ঘটনা রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইন অনুযায়ী তদন্ত এগোবে এবং দোষ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





