আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আবাসে ‘কাটমানি’র অভিযোগে প্রাক্তন তৃণমূল নেতার বাড়িতে তালা, পথ অবরোধে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা

Published on: July 26, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি। প্রথম কিস্তির টাকা হাতে পেয়েই দাবি করা হয় মোটা অঙ্কের ‘কাটমানি’। কিন্তু তার পর কেটে গিয়েছে মাসের পর মাস, মেলেনি দ্বিতীয় কিস্তি। সেই ক্ষোভই এবার বিস্ফোরিত হল দিনহাটার খালিশা গোসানিমারিতে। আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে দিনহাটা ১ নম্বর ব্লক এ কমিটির প্রাক্তন তৃণমূল সভাপতি সুধাংশু চন্দ্র রায়ের বাড়িতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। কিছু ক্ষণের জন্য পথ অবরোধও করেন তাঁরা।

রবিবার সকাল থেকেই খালিশা গোসানিমারি এলাকায় জড়ো হতে থাকেন আবাস প্রকল্পের একাধিক উপভোক্তা। তাঁদের অভিযোগ, সরকারি আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পাওয়ার পর প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার টাকা করে নেওয়া হয়। আশ্বাস দেওয়া হয়েছিল, দ্রুত দ্বিতীয় কিস্তির টাকাও চলে আসবে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই টাকা মেলেনি। উল্টে ঘর তৈরির কাজ মাঝপথে থমকে রয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও দলের নেতৃত্বের কাছে বিষয়টি জানানো হলেও কোনও সুরাহা হয়নি। শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়ে এ দিন রাস্তায় নামেন তাঁরা। এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি সুধাংশু চন্দ্র রায়ের বাড়িতে যান গ্রামবাসীরা। অভিযোগ, বাড়িতে কাউকে না পেয়ে গেটেই তালা ঝুলিয়ে দেন তাঁরা। পরে সেখানে বসেই চলে অবস্থান-বিক্ষোভ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা থানার পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেওয়া হয়। পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়, সে জন্য এলাকায় কিছু ক্ষণ পুলিশ মোতায়েন রাখা হয়।

যাঁরা বিক্ষোভে সামিল ছিলেন, তাঁদের দাবি, প্রকল্পের টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। পাশাপাশি যাঁদের দ্বিতীয় কিস্তির টাকা এখনও মেলেনি, তাঁদের দ্রুত সেই অর্থ দেওয়ার ব্যবস্থা করারও দাবি জানান তাঁরা।

অভিযোগের বিষয়ে সুধাংশু চন্দ্র রায় এবং সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জ্যোতিকা রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা তীব্র হয়েছে। আবাস প্রকল্পে কাটমানির অভিযোগ নতুন নয়। তবে এবার প্রাক্তন শাসকদলের এক নেতার বাড়িতে তালা ঝুলিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ ফের সেই বিতর্ককে সামনে এনে দিল। এখন নজর, অভিযোগের তদন্তে প্রশাসন কী পদক্ষেপ করে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment