কোচবিহার, ১২ জুলাইঃ শিক্ষার মানোন্নয়ন এবং সংগঠনকে আরও কার্যকর করে তোলার লক্ষ্যেই কোচবিহারে অনুষ্ঠিত হল এবিআরএসএম (ABRSM)-এর দ্বিতীয় সম্মেলন। রবিবার আয়োজিত এই সম্মেলনে সদর–৪ সার্কেলের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন। পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক বিস্তার, শিক্ষাক্ষেত্রের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে সংগঠনের ভূমিকা আরও সক্রিয় করার ওপর জোর দেওয়া হয়। বিভিন্ন স্কুলে শিক্ষার পরিবেশ উন্নত করা, শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং ছাত্রছাত্রীদের স্বার্থে একযোগে কাজ করার বিষয়েও মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা।
সভায় বক্তারা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। সেই পরিস্থিতিতে সংগঠনের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণই আগামী দিনের সবচেয়ে বড় শক্তি হতে পারে। তাই সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া ও শিক্ষার সার্বিক উন্নয়নের প্রশ্নে ধারাবাহিকভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্মেলনের শেষে উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে এবং শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।





