কলকাতা, ২২ মার্চঃ রাজ্যে নির্বাচনের আগে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতের নির্বাচন কমিশন। আগামী সোমবার বিকেলেই প্রকাশিত হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। নথি যাচাইয়ের পর যাঁদের নাম তালিকায় রাখা বা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাঁদের নামই এই তালিকায় অন্তর্ভুক্ত হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় প্রায় ২৮ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারিত হতে চলেছে।
এই তালিকা প্রকাশকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য রাজ্য প্রশাসনও সতর্ক। নবান্ন থেকে জেলাশাসকদের কাছে ইতিমধ্যেই সতর্কতামূলক চিঠি পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশিতব্য তালিকাটি দুই ভাগে বিভক্ত থাকবে। প্রথম অংশে থাকবে যোগ্য হিসাবে বিবেচিত ভোটারদের নাম, আর দ্বিতীয় অংশে ‘ডিলিটেড’ বা বাদ পড়া ভোটারদের তালিকা। জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত মোট ২৭ লক্ষ ২৩ হাজার বিচারাধীন ভোটারের নিষ্পত্তি হয়েছে। রবিবার এই সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।
সুপ্রিম কোর্ট-এর নির্দেশ মেনে বিচারাধীন ভোটারদের জন্য ইতিমধ্যেই ট্রাইবুনাল গঠন করা হয়েছে। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯টি ট্রাইবুনাল তৈরি হয়েছে, যেখানে নেতৃত্বে থাকবেন ১৯ জন প্রাক্তন বিচারপতি। যাঁদের নাম বাদ যাবে, তাঁরা এই ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন।
সোমবার তালিকা প্রকাশের পরই অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই আবেদন করার সুযোগ থাকবে। অনলাইনে ECI Net অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। পাশাপাশি জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও মহকুমাশাসকের দফতরেও অফলাইনে আবেদন জমা দেওয়া যাবে।
কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, সারা রাজ্যে সাতশোর বেশি বিচারক এই নথি যাচাইয়ের কাজে নিযুক্ত রয়েছেন। প্রতিদিন গড়ে প্রায় দুই লক্ষ করে নামের নিষ্পত্তি করা হচ্ছে। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই সমস্ত ‘অ্যাডজুডিকেশন’ প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এছাড়াও জানা গিয়েছে, আগামী শুক্রবার দ্বিতীয় অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে এবং এরপর থেকে প্রতি সপ্তাহের শুক্রবার নিয়মিতভাবে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে ভোটের আগে ভোটার তালিকা নিয়ে জোরকদমে কাজ চালাচ্ছে নির্বাচন কমিশন।





