শিলিগুড়ি, ১ মে: শহরের ক্রিকেটপ্রেমীদের জন্য বড় সুখবর। প্রথমবারের মতো শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে টাটা আইপিএল ফ্যান পার্ক ২০২৬। আগামী ২ ও ৩ মে বাঘাযতীন পার্কে বসছে এই বিশেষ আয়োজন, যেখানে স্টেডিয়ামের বাইরেই মিলবে আইপিএলের রোমাঞ্চকর পরিবেশ।
ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড-এর উদ্যোগে এবং শিলিগুড়ি মহাকুমা ক্রীড়া পরিষদ -এর সহযোগিতায় আয়োজিত এই ফ্যান পার্কে বড় স্ক্রিনে সরাসরি একাধিক ম্যাচ সম্প্রচার করা হবে। ২ মে দেখা যাবে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ। ৩ মে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্স, এরপর গুজরাট টাইটানস বনাম পাঞ্জাব কিংস।
শনিবার সন্ধ্যা ৬:৩০ এবং রবিবার দুপুর ২:৩০ থেকে দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে। সবচেয়ে আকর্ষণীয় বিষয়, এই বিশাল আয়োজন সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করা যাবে।
খেলা দেখার পাশাপাশি দর্শকদের জন্য থাকছে মিউজিক, খাবার ও পানীয়র স্টল, ফেস পেইন্টিং, কিডস জোন এবং একাধিক ইন্টারঅ্যাকটিভ গেম যেমন ‘বলটা মিস করো না’, ‘পেশাদারের মতো মারো’ ইত্যাদি। এছাড়াও থাকছে লাকি ড্র, যেখানে জেতা যেতে পারে প্রিয় খেলোয়াড়দের সই করা জার্সি।
বিসিসিআই-এর আধিকারিক ইরফান দাদান জানান, দেশের বিভিন্ন শহরের পাশাপাশি এবার শিলিগুড়িকেও এই উদ্যোগের অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে, বাঘাযতীন পার্কে এই দুই দিন এক অনন্য ক্রিকেট-মহোৎসবে পরিণত হতে চলেছে, যা শহরের ক্রীড়াপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।





