জলপাইগুড়ি, ২০ ফেব্রুয়ারি : ধূপগুড়ি সুপার মার্কেটে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা।পুড়ে ছাই একটি ওষুধের দোকান। প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলেছেন শহরবাসী।
ধূপগুড়ি সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা যেন পিছু ছাড়ছে না। ১০-১২টি দোকান ভস্মীভূত হওয়ার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার রাতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এই চত্বরে।এবারের আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে একটি ওষুধের গোডাউন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাতে আচমকাই সুপার মার্কেটের কলাহাটি সংলগ্ন একটি বিল্ডিং থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একটি ওষুধের দোকানে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।তবে দমকলকর্মীরা কাজ শুরু করার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোডাউনটি। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ধুপগুড়ি থানার পুলিশ।
সুপার মার্কেটে একের পর এক রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, কে বা কাহারা পরিকল্পিতভাবে এই আগুন লাগিয়ে দিচ্ছে। আগের ঘটনার কিনারা হওয়ার আগেই নতুন করে এই অগ্নিকাণ্ড প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে।অভিযোগ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পরেও কেন প্রশাসন অভিযুক্ত ব্যক্তিকে নিশ্চিত করতে পারছে না।এছাড়াও স্থানীয়দের অভিযোগ অন্ধকার নেমে আসলেই মার্কেট চত্বরে চলে অসামাজিক কার্যকলাপ। মদ জুয়ার আসর লেগে থাকে প্রতিনিয়ত।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বাহিনী।





