দক্ষিণ ২৪ পরগনা, ১৬ জুনঃ ডায়মন্ড হারবার এলাকায় বেআইনিভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায় এবং বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল-সহ মোট ২৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ বিশ্বাস ওরফে ববি। সোমবার রাতে কালীতলা আশুলিয়া থানায় এই অভিযোগ জমা দেওয়া হয়।
অভিযোগকারী বিজেপি নেতার দাবি, গত কয়েক বছরে ধাপে ধাপে প্রায় ১৬৩ বিঘা জমি থেকে অবৈধভাবে মাটি কেটে তা বিক্রি করা হয়েছে। এই পুরো প্রক্রিয়ায় ৩০০ কোটিরও বেশি টাকার আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি এর ফলে এলাকার পরিবেশেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর।
অভিজিৎ বিশ্বাস জানান, ২০১৭ সাল থেকেই বিভিন্ন জায়গা থেকে মাটি কাটার কাজ চলছিল। ২০২২ ও ২০২৩ সালে সেই কার্যকলাপ আরও বৃদ্ধি পায়। সে সময়ও প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছিল বলে দাবি তাঁর। তবে অভিযোগ অনুযায়ী, সেই অভিযোগের ভিত্তিতে কোনও কার্যকর তদন্ত হয়নি।
এবার নতুন করে থানায় অভিযোগ জমা দেওয়ার পাশাপাশি বেশ কিছু স্যাটেলাইট ছবি জমা দিয়েছেন বিজেপি নেতা। তাঁর দাবি, ওই ছবিগুলিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কোথায় কোথায় মাটি কাটা হয়েছে এবং তার ফলে এলাকার ভূপ্রকৃতির কী ধরনের পরিবর্তন ঘটেছে। তিনি বলেন, “এইভাবে মাটি কাটার ফলে ভূমিক্ষয়, জলধারণ ক্ষমতা হ্রাস এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।”
উল্লেখ্য, এর আগেও আমফান পরবর্তী ত্রাণ সামগ্রী সংক্রান্ত একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন অভিজিৎ বিশ্বাস। সেই মামলায় ত্রাণের ত্রিপল মজুত ও আর্থিক অনিয়মের অভিযোগ করা হয়েছিল।
নতুন এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে এবং জমা দেওয়া নথি ও তথ্য খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।





