কলকাতা, ২ মেঃ ভোটগণনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। শান্তিপূর্ণ ভোটপর্বের পর এবার গণনার দিন অশান্তির আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। নাম না করেই তিনি শাসক দলের নেতৃত্বকে ‘ডোনাল্ড ট্রাম্প’-এর সঙ্গে তুলনা করেন, যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
দিলীপ ঘোষের অভিযোগ, “কাউন্টিংয়ের দিন গন্ডগোল হতে পারে। এখানে এমন একজন আছেন, যিনি প্রয়োজনে গণনা বন্ধ করে দিতে পারেন, এমনকি অশান্তি সৃষ্টি করতেও পারেন।” তাঁর বক্তব্য, যারা স্বৈরাচারী মনোভাবাপন্ন, তারা পরাজয় সহজে মেনে নিতে পারেন না। এই মন্তব্যে সরাসরি কারও নাম না বললেও রাজনৈতিক মহলে তা শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকেই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
তিনি আরও বলেন, গণনার দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশাসনের সতর্ক থাকা উচিত। ভোটের সময় বড় ধরনের অশান্তি না হলেও গণনার দিনকে কেন্দ্র করে পরিস্থিতি বদলাতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে, দিলীপ ঘোষের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সাংসদ শান্তনু সেন পালটা কটাক্ষ করে বলেন, “ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে নরেন্দ্র মোদি-র সম্পর্ক কেমন, তা সকলেই জানেন। দিলীপবাবু সরাসরি কিছু বলতে না পেরে ঘুরিয়ে নিজের দলকেই খোঁচা দিয়েছেন।”
শান্তনু সেনের দাবি, দিলীপ ঘোষ দীর্ঘদিন ধরে দলের মধ্যে কোণঠাসা হয়ে রয়েছেন, তাই তিনি এভাবে মন্তব্য করছেন। এই মন্তব্যকে ভিত্তিহীন বলেও দাবি করেছে তৃণমূল।
সব মিলিয়ে ভোটগণনার আগে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ বাড়ছে। একদিকে অশান্তির আশঙ্কা, অন্যদিকে পালটা রাজনৈতিক আক্রমণ এই পরিস্থিতিতে নজর এখন ৪ মে গণনার দিনের দিকে।





