খবরিয়া ২৪ ডেস্ক, ১৭ মার্চঃ ২৬-এর বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই ঘিরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। সোমবার ১৪৪টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। তবে তালিকা প্রকাশের পরই রাজ্য জুড়ে দলীয় অসন্তোষ ও বিক্ষোভ সামনে আসায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
প্রকাশিত তালিকায় একাধিক পুরনো বিধায়কের উপর ভরসা রাখলেও বেশ কিছু কেন্দ্রে আনা হয়েছে নতুন মুখ। আর সেখানেই তৈরি হয়েছে ক্ষোভ। পূর্ব মেদিনীপুরের মহিষাদল কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয়েছে ব্যবসায়ী সুভাষ পাঁজা-কে। নাম ঘোষণার পরই দল ছাড়ার ঘোষণা করেন তমলুক সাংগঠনিক জেলার সদস্য বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় এবং মণ্ডল নেতা দীপক কুমার জানা। বিশ্বনাথের বিস্ফোরক দাবি, “দল কর্পোরেট সংস্থার মতো চলছে, এর সঙ্গে আর যুক্ত থাকতে চাই না।”
শুধু তাই নয়, আরও বড় ভাঙনের ইঙ্গিত দিয়ে দীপক জানা বলেন, আগামী দিনে আরও অনেকে পদত্যাগ করবেন, শুধু মহিষাদল নয়, নন্দীগ্রাম, হলদিয়া সহ একাধিক এলাকায় এই প্রবণতা বাড়বে।
অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় প্রার্থী ঘোষণা ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ায়। প্রার্থী পরিতোষ দাস-কে ঘিরে ক্ষোভে বিজেপি কর্মীরা জেলা কার্যালয়ে ভাঙচুর চালান, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান জেলা সভাপতি মিঠু দাস, তিনি আশ্বাস দেন কর্মীদের মতামত গুরুত্ব দিয়ে দেখা হবে। এছাড়াও কুমারগ্রাম কেন্দ্রেও প্রার্থী মনোজ কুমার ওরাও-কে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।
সব মিলিয়ে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বঙ্গ বিজেপির অন্দরে অসন্তোষ ও বিদ্রোহের সুর ক্রমশ স্পষ্ট হচ্ছে, যা ভোটের আগে দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।





