জলপাইগুড়ি, ২৩ মেঃ জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগান সংলগ্ন কালিখোলা পাইপলাইন এলাকায় ফের হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল। শুক্রবার রাতে ডায়ানা জঙ্গল থেকে বেরিয়ে আসা একটি বুনো হাতি লোকালয়ে ঢুকে পড়ে। হাতিটির হামলায় দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে যান এক যুবক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ৯টা নাগাদ হাতিটি প্রথমে ডায়ানা জঙ্গল থেকে বেরিয়ে কালিখোলা পাইপলাইন এলাকায় প্রবেশের চেষ্টা করে। সেই সময় এলাকার বাসিন্দা রবি সিং দোকান থেকে বাড়ি ফিরছিলেন। আচমকাই তিনি হাতিটির মুখোমুখি হয়ে পড়েন। পরিস্থিতি বুঝতে পেরে হাতিটি তাঁর দিকে তেড়ে আসে। আতঙ্কিত রবি সিং দৌড়ে পালিয়ে গিয়ে কোনওক্রমে নিজের প্রাণ বাঁচান।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের একটি দল। দীর্ঘ চেষ্টার পর হাতিটিকে জঙ্গলের দিকে ফেরত পাঠানো হয়। কিন্তু কয়েক ঘণ্টা পর ফের একই হাতিটি এলাকায় ফিরে এসে নতুন করে তাণ্ডব চালায়।
স্থানীয়দের অভিযোগ, রাত প্রায় ১টা নাগাদ হাতিটি আবার কালিখোলা পাইপলাইন এলাকায় ঢুকে পড়ে। প্রথমে স্থানীয় বাসিন্দা জানকী ওরাওঁ-র বাড়িতে হামলা চালায়। এরপর শ্যাম খেরওয়ার-এর বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালায় হাতিটি। বাড়ির টিনের চাল, বেড়া এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার পর থেকেই গোটা এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। রাতভর আতঙ্কে ঘুমোতে পারেননি গ্রামবাসীরা। বন দফতরের কাছে এলাকাবাসীর দাবি, দ্রুত হাতির উপদ্রব রুখতে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে বড় কোনও দুর্ঘটনা না ঘটে।





