খবরিয়া ২৪ ডেস্ক, ১৪ ফেব্রুয়ারিঃ চলতি ভোটার তালিকা সংশোধন (এসআইআর) এবং আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে নজরদারি আরও জোরদার করল ভারত নির্বাচন কমিশন (ইসিআই)। এদিন অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক এন কে মিশ্র-কে রাজ্যের বিশেষ পর্যবেক্ষক (স্পেশাল অবজারভার) হিসেবে নিয়োগ করা হয়েছে।
কমিশনের তরফে পাঠানো নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, বিশেষ পর্যবেক্ষক কোনও নির্বাচনকর্মী, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) বা সংশ্লিষ্ট আধিকারিককে সরাসরি কোনও নির্দেশ বা শংসাপত্র দিতে পারবেন না। সমস্ত অভিযোগ, নালিশ বা সুপারিশ সরাসরি পাঠাতে হবে নির্বাচন সদনে, অর্থাৎ কমিশনের সদর দফতরে।
সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের ভিত্তিতে এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ১৩ সিসি ধারার অধীনে এই নিয়োগ করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, এসআইআর প্রক্রিয়া কমিশনের নির্দেশ মেনে সঠিকভাবে হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা, রাজ্যে এসে ভোটার তালিকা সংশোধনের অগ্রগতি খতিয়ে দেখা এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সামগ্রিক পরিবেশ পর্যালোচনা করাই হবে তাঁর মূল দায়িত্ব।
কমিশন আরও জানিয়েছে, বিশেষ পর্যবেক্ষকের সমস্ত রিপোর্ট ও সুপারিশ সরাসরি ইসিআই-কে জমা দিতে হবে, যাতে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া যায়। তাঁর রাজ্য সফরের সময় প্রয়োজনীয় নথিপত্র, প্রোটোকল ও প্রশাসনিক সহায়তা প্রদান করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
সবচেয়ে কড়া নির্দেশ এসেছে নির্বাচনকর্মীদের প্রশংসাপত্র সংক্রান্ত বিষয়ে। কোনও পরিস্থিতিতেই বিশেষ পর্যবেক্ষক সরাসরি প্রশংসাপত্র দিতে পারবেন না। যদি কারও কাজের প্রশংসা প্রয়োজন মনে হয়, তবে তা যুক্তিসহ প্রস্তাব আকারে কমিশনে পাঠাতে হবে।
উল্লেখ্য, এর আগে এসআইআর প্রক্রিয়া স্বচ্ছ রাখতে প্রাক্তন আইএএস সুব্রত গুপ্তকে বিশেষ অবজারভার করা হয়েছিল। এবার প্রথমবারের মতো ভোটকেন্দ্রিক সামগ্রিক তদারকির দায়িত্ব দেওয়ায় রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।





