দিনহাটা, ২৯ জুলাইঃ দীর্ঘদিন এলাকা ছাড়া থাকার পর বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভানেত্রী বাসন্তী নারায়ণ। অভিযোগ, তাঁকে একটি স্কুলের সামনে বসিয়ে ডিম ছুড়ে প্রতিবাদ দেখান গ্রামবাসীদের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রের দাবি, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বাসন্তী নারায়ণ ও তাঁর স্বামী এলাকা ছেড়ে চলে যান। গত ২৬ জুলাই তাঁরা বাড়ি ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের একাংশ। তাঁদের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে অঞ্চল সভানেত্রী থাকাকালীন বাসন্তী নারায়ণের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস সৃষ্টি, সাধারণ মানুষকে হুমকি দেওয়া এবং কাটমানি আদায়ের একাধিক অভিযোগ ছিল। সেই ক্ষোভ থেকেই স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভের সৃষ্টি হয় এবং ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানানো হয় বলে দাবি স্থানীয়দের।
গ্রামবাসীদের একাংশ আরও অভিযোগ করেন, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির শক্তিপ্রমুখ জিতিন বর্মনের অন্তঃসত্ত্বা কন্যাকে মারধরের ঘটনাতেও বাসন্তী নারায়ণের নাম উঠে এসেছিল। যদিও ওই অভিযোগের বিষয়ে বাসন্তী নারায়ণের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বাসন্তী নারায়ণের দাবি, বিজেপির শক্তিপ্রমুখ জিতিন বর্মন এবং তাঁর পরিবারের সদস্যরাই তাঁদের হুমকি দিয়েছেন। পরিকল্পিতভাবে তাঁদের অপদস্থ করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ তাঁর।
অন্যদিকে, জিতিন বর্মন ও তাঁর পরিবারের সদস্যরা সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, ব্যক্তিগত বা রাজনৈতিক প্রতিহিংসার কোনও প্রশ্নই নেই। দীর্ঘদিন ধরে এলাকায় অত্যাচার, ভয়ভীতি প্রদর্শন এবং কাটমানি নেওয়ার অভিযোগে ক্ষুব্ধ সাধারণ মানুষই প্রতিবাদে সামিল হয়েছেন। এই বিক্ষোভ ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত, এর সঙ্গে তাঁদের কোনও প্রত্যক্ষ ভূমিকা নেই বলেই দাবি তাঁদের। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এলাকায়।





