খবরিয়া ২৪ ডেস্ক, ১৭ ফেব্রুয়ারিঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে আবারও জনমুখী প্রকল্পকে সামনে এনে প্রশাসনিক তৎপরতা বাড়াল রাজ্য সরকার। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রায় সাড়ে ১২ লক্ষ ছাত্র-ছাত্রীর হাতে ‘সবুজসাথী’ প্রকল্পের সাইকেল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। প্রশাসনিক সূত্রের খবর, সব ঠিক থাকলে চলতি ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই জোরকদমে সাইকেল বিতরণ শুরু হয়ে যাবে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে মোট ১২ লক্ষ ৪৭ হাজার পড়ুয়াকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ১২ লক্ষ ৩৪ হাজার। অর্থাৎ এ বছর আগের তুলনায় আরও বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী সাইকেল পেতে চলেছে। ইতিমধ্যেই স্কুলশিক্ষা দপ্তর, সংখ্যালঘু উন্নয়ন দপ্তর, অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তর যৌথভাবে বিলি প্রক্রিয়ার প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে।
২০১৫-১৬ শিক্ষাবর্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র উদ্যোগে এই প্রকল্প চালু হয়। প্রথমদিকে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের সাইকেল দেওয়া হলেও বর্তমানে নবম শ্রেণিতে উঠলেই ছাত্র-ছাত্রীরা এই সুবিধা পায়। সরকারি হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ১ কোটি ৩৮ লক্ষেরও বেশি পড়ুয়া এই প্রকল্পের সুবিধা পেয়েছে। বর্তমানে প্রায় ৯ হাজার স্কুল এই কর্মসূচির আওতাভুক্ত।
রাজনৈতিক মহলের মতে, মার্চ মাসের প্রথম সপ্তাহেই নির্বাচন কমিশন বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে। নির্বাচনী আচরণবিধি জারি হয়ে গেলে নতুন করে সরকারি প্রকল্পের সুবিধা বণ্টন করা সম্ভব হয় না। সেই কারণেই ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই দ্রুততার সঙ্গে সাইকেল বিলির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসনের লক্ষ্য, নির্বাচনের আগেই এই প্রকল্পের সুফল তৃণমূল স্তরের পড়ুয়াদের কাছে পৌঁছে দেওয়া।





