নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: শহরের মাঝখানে ডেলিভারি সংস্থার গোডাউনে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল দিনহাটায়। গোসানিরোড সংলগ্ন একটি বেসরকারি ডেলিভারি সংস্থার গোডাউনের শাটার ভেঙে ভিতরে ঢুকে মোবাইল-সহ একাধিক মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অন্তত ছ’টি মোবাইল ফোন খোয়া গিয়েছে। নগদ অর্থও চুরি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।
সংস্থা সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে, আনুমানিক আড়াইটে নাগাদ গোডাউনে হানা দেয় চোরেরা। গোডাউনের শাটার ভেঙে ভিতরে ঢুকে তারা একের পর এক সামগ্রী হাতিয়ে নেয়। গোডাউনে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে চুরির ঘটনার কিছু অংশ ধরা পড়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা শুরু করেছে পুলিশ।
সোমবার সকালে প্রতিদিনের মতো কাজে এসে গোডাউনের শাটার ভাঙা অবস্থায় দেখতে পান সংস্থার কর্মী আবদুল সাদ্দাম। সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি সংস্থার ম্যানেজার বাপ্পা শর্মা এবং স্থানীয় বাসিন্দাদের জানান। পরে খবর দেওয়া হয় দিনহাটা থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোডাউন পরিদর্শন করে এবং প্রয়োজনীয় নমুনা সংগ্রহের পাশাপাশি সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে।
সংস্থার ম্যানেজার বাপ্পা শর্মা জানান, এখনও পর্যন্ত হিসেব অনুযায়ী ছ’টি মোবাইল ফোন-সহ একাধিক সামগ্রী খোয়া গিয়েছে। নগদ অর্থ চুরি হয়েছে কি না, তা স্টক ও হিসাবপত্র মিলিয়ে দেখা হচ্ছে। সেই প্রক্রিয়া শেষ হলেই ক্ষয়ক্ষতির পূর্ণ পরিমাণ জানা যাবে।
শহরের ব্যস্ত এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, রাতের নিরাপত্তা ও টহলদারি আরও জোরদার না হলে এ ধরনের ঘটনা বাড়তে পারে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সূত্রের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।






