দিনহাটা, ৯ জুলাইঃ সরকারি স্টল বরাদ্দকে ঘিরে ওঠা অভিযোগিত ‘কাটমানি’ ফেরত দিতে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হল দিনহাটার নাজিরহাট বাজারে। বৃহস্পতিবার ওই শিবিরে ৩৫ জন ব্যবসায়ীর হাতে মোট ৪ লক্ষ ২৭ হাজার টাকা তুলে দেন নাজিরহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রামচন্দ্র ঘোষ। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে নাজিরহাট বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারি উদ্যোগে সবজি স্টল নির্মাণ করা হয়। অভিযোগ, স্টল বরাদ্দের সময় উপভোক্তাদের কাছ থেকে ১৫ হাজার, ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। ব্যবসায়ীদের দাবি, স্টল পাওয়ার শর্তেই তাঁদের এই অর্থ দিতে হয়েছিল। দীর্ঘদিন পরে তাঁরা টাকা ফেরতের দাবি তোলেন।
সেই দাবির প্রেক্ষিতেই এদিন ক্যাম্প করে উপভোক্তাদের হাতে টাকা ফেরত দেওয়া হয়। অর্থ হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেন ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, এতদিন পরে হলেও প্রাপ্য অর্থ ফিরে পেয়েছেন।
তবে অভিযোগের ব্যাখ্যায় ভিন্ন সুর শোনা গিয়েছে রামচন্দ্র ঘোষের গলায়। তাঁর দাবি, বাজার উদ্বোধন উপলক্ষে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের খরচ মেটাতেই উপভোক্তাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল। পরে ব্যক্তিগত বিবেকের তাড়নায় তিনি সেই টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর সঙ্গে কোনও রাজনৈতিক চাপ বা অন্য কোনও কারণ জড়িত নয় বলেও দাবি করেন তিনি।
অভিযোগ ও পাল্টা ব্যাখ্যার মাঝেই নাজিরহাটে প্রকাশ্যে টাকা ফেরতের এই ঘটনা এখন স্থানীয় রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।





