কোচবিহার, ৫ আগস্টঃ রাতভর একটানা বৃষ্টি। ভোর হতেই দেখা গেল, রাজার শহর যেন জলের শহরে পরিণত হয়েছে। রাস্তা-ঘাট থেকে পাড়ার অলিগলি সর্বত্র জল। কোথাও হাঁটু, কোথাও তারও বেশি। বহু বাড়িতে ঢুকে পড়েছে বৃষ্টির জল। অফিসগামী থেকে স্কুলপড়ুয়া, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলের দিন শুরু হল দুর্ভোগের মধ্য দিয়ে। আর সেই সঙ্গেই ফের সামনে এল কোচবিহার শহরের দীর্ঘদিনের নিকাশি সমস্যার অভিযোগ।
টানা বৃষ্টিতে শহরের সুনীতি রোড, কেশব রোড, বিশ্বসিংহ রোড, হরেন্দ্রনারায়ণ রোড, রাজ রাজেন্দ্র নারায়ণ রোড-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। রাস্তায় জমা জলের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। ছোট গাড়ি, মোটরবাইক তো বটেই, পথচারীদেরও জল ভেঙে চলাচল করতে হয়। বহু এলাকায় দোকান খুলতে দেরি হয়। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, এমন পরিস্থিতিতে ক্রেতারাও আসতে পারছেন না।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিচু এলাকার বাসিন্দারা। একাধিক বাড়িতে জল ঢুকে পড়ায় নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আসবাবপত্র, বৈদ্যুতিন সরঞ্জাম ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর। জল সরাতে সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়েন বহু পরিবার।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সমস্যা নতুন নয়। সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জল জমে যায়। টানা বৃষ্টি হলে পরিস্থিতি ভয়াবহ আকার নেয়।
শহরের ২০ নম্বর ওয়ার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “রাজনৈতিক পালা বদল হলেও, কাজের কোন বদল আসেনি কোচবিহার পৌরসভায়। পৌরসভার চেয়ারম্যান কাজ করছে না জন্য তাকে পদত্যাগ করতে হল, কিন্তু নতুন করে প্রশাসক বসিয়েও কোন লাভ হচ্ছে না। শহরের নিকাশিনালা ঠিকমতো পরিষ্কার হচ্ছে না। তাই জল বেরোতে পারছে না। প্রতি বর্ষাতেই আমাদের একই সমস্যার মুখে পড়তে হয়।”





