কোচবিহার, ২৯ জুন: এক রাতের টানা বৃষ্টিতেই ফের সামনে চলে এল কোচবিহার শহরের দীর্ঘদিনের জলনিকাশি সমস্যার ছবি। রাতভর বর্ষণের পর সোমবার সকাল থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। কোথাও হাঁটু, কোথাও আবার তারও বেশি জল জমে যাওয়ায় নিত্যদিনের জীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। কর্মস্থল, স্কুল, বাজার কিংবা হাসপাতাল সব জায়গাতেই পৌঁছতে জল ভেঙেই যেতে হয়েছে সাধারণ মানুষকে। বর্ষার শুরুতেই শহরের এমন চিত্র ঘিরে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে নাগরিক পরিকাঠামো নিয়ে।
সকালে অফিস টাইমে শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা জল দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়। দুই চাকার যান থেকে শুরু করে ছোট গাড়ি অধিকাংশ ক্ষেত্রেই ধীর গতিতে চলাচল করতে দেখা যায়। অনেক জায়গায় জল ঢুকে যায় বাড়ি ও দোকানেও। বাসিন্দাদের অভিযোগ, সামান্য কয়েক ঘণ্টার বৃষ্টিতেই যদি শহরের এমন অবস্থা হয়, তা হলে আগামী দিনে ভারী বর্ষণে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
সবচেয়ে বেশি সমস্যায় পড়েন বাইরে থেকে চিকিৎসার জন্য কোচবিহারে আসা রোগী ও তাঁদের পরিজনেরা। সরকারি হাসপাতাল এবং আশপাশের রাস্তায় জল জমে থাকায় অ্যাম্বুল্যান্স, টোটো ও অন্যান্য যানবাহনের চলাচল ব্যাহত হয়। রোগী নিয়ে হাসপাতালে পৌঁছতে গিয়ে ভোগান্তির শিকার হতে হয় বহু মানুষকে। স্থানীয়দের একাংশের অভিযোগ, নিয়মিত নিকাশি নালা পরিষ্কার এবং জল নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষাতেই একই সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে।
এই পরিস্থিতিকে হাতিয়ার করে শাসক দল তথা বিগত পুরবোর্ডের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। দলের কোচবিহার জেলা নেতৃত্বের অন্যতম মুখ পঙ্কজ ভুচ্চা অভিযোগ করেন, বছরের পর বছর উন্নয়নের দাবি করা হলেও শহরের মৌলিক পরিকাঠামোর কোনও উন্নতি হয়নি। তাঁর কথায়, ‘‘এক রাতের বৃষ্টিতেই শহর জলমগ্ন হয়ে পড়ছে। মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এটাই বিগত প্রশাসনের ব্যর্থতার সবচেয়ে বড় প্রমাণ।’’ যদিও এই অভিযোগের জবাবে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।






