কোচবিহার, ১১ মেঃ আর্থিক সঙ্কটে কোচবিহার পুরসভা, দ্রুত পুরকর দেওয়ার আবেদন জানিয়ে সোমবার কোচবিহার পৌরসভায় সাংবাদিক বৈঠক করলেন পুরপতি দিলীপ সাহা। বৈঠকে তিনি জানান, নির্বাচনের সময় থেকে পুরসভার আর্থিক ঘাটতি তৈরি হয়েছে। সেই কারণে পুর এলাকার বাসিন্দাদের দ্রুত পুরকর জমা দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
পুরপতি বলেন, পুরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও পরিষেবা সচল রাখতে নিয়মিত কর প্রদান অত্যন্ত প্রয়োজন। আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে নাগরিকদের সহযোগিতাও কামনা করেন তিনি। তাঁর দাবি, পুরবাসীদের কর প্রদানের মাধ্যমেই পৌর পরিষেবাগুলি আরও স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হবে।
এছাড়াও নির্বাচনের ফল ঘোষণার পর কোচবিহারের বিভিন্ন টোল গেট বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিও উঠে আসে সাংবাদিক বৈঠকে। এই প্রসঙ্গে দিলীপ সাহা জানান, টোল গেট ও পার্কিং এরিয়াগুলিকে কেন্দ্র করে কোনও ধরনের রাজনৈতিক বিভাজন বা অশান্তি তৈরি করা উচিত নয়। তিনি সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন জানান, সাধারণ মানুষের স্বার্থে এই পরিষেবাগুলিকে স্বাভাবিকভাবে চলতে দিতে হবে।
পুরপতির বক্তব্য, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে নাগরিক পরিষেবার ক্ষেত্রে তার প্রভাব পড়া উচিত নয়। তিনি আরও জানান, শহরের বিভিন্ন পরিষেবা সচল রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি পুরসভার আর্থিক পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।





