শিলিগুড়ি, ১ মার্চঃ শিলিগুড়িতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল। ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ-এর নামের পাশে ‘বিচারাধীন’ ট্যাগ দেখা যাওয়ায় শুরু হয়েছে জোর বিতর্ক। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহল থেকে ক্রীড়াপ্রেমীদের একাংশ পর্যন্ত বিস্ময় প্রকাশ করেছেন।
সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় রিচার নামের পাশে এই মন্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে, তাঁর ভোটার নথি কি কোনও আইনি বা প্রশাসনিক যাচাইয়ের পর্যায়ে রয়েছে? যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবুও বিষয়টি নিয়ে সরব হয়েছেন শিলিগুড়ির মেয়র তথা বর্ষীয়ান রাজনৈতিক নেতা গৌতম দেব।
গৌতম দেব বলেন, একজন আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদের নামের পাশে এ ধরনের ট্যাগ থাকা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বিভ্রান্তিকর। তাঁর মতে, রিচা ঘোষ দেশের মুখ উজ্জ্বল করেছেন, ফলে তাঁর নাম নিয়ে কোনও অস্পষ্টতা থাকলে তা দ্রুত খতিয়ে দেখা উচিত। নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে বিষয়টি স্পষ্ট করা এবং প্রয়োজনীয় সংশোধন করা।
রাজনৈতিক মহলের একাংশের দাবি, এসআইআর প্রক্রিয়া ও চূড়ান্ত তালিকা তৈরিতে একাধিক জায়গায় গরমিল সামনে আসছে। এর আগে বিভিন্ন প্রশাসনিক আধিকারিক ও সাধারণ ভোটারের নাম নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতে রিচা ঘোষের নাম ঘিরে এই নতুন বিতর্ক আরও প্রশ্ন তুলে দিল ভোটার তালিকার নির্ভুলতা নিয়ে।
যদিও রিচা ঘোষ বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি, তবে বিষয়টি নিয়ে শিলিগুড়ি শহরে আলোচনা তুঙ্গে। এখন নজর নির্বাচন কর্তৃপক্ষের ব্যাখ্যার দিকে।





