কলকাতা, ১ আগস্টঃ দেশজুড়ে শুরু হল ষোড়শ জনগণনার প্রথম পর্ব। আর প্রথম দিনেই নিজে অনলাইনে ফর্ম পূরণ করে নাগরিকদের ‘স্ব-সুমারি’র বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আশ্বাস দিলেন, জনগণনায় দেওয়া কোনও ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না।
শনিবার নবান্নে বসে জনগণনার নির্দিষ্ট পোর্টালে নিজের তথ্য আপলোড করে স্ব-সুমারির সূচনা করেন মুখ্যমন্ত্রী। পরে তিনি বলেন, এবারের জনগণনার অন্যতম বড় বৈশিষ্ট্য হল সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থা এবং নাগরিকদের নিজে তথ্য জমা দেওয়ার সুযোগ। তাঁর আবেদন, সরকারি কর্মীদের কাজ সহজ করতে সাধারণ মানুষ যেন নিজেরাই অনলাইনে ফর্ম পূরণ করেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১ থেকে ১৫ অগস্ট পর্যন্ত চলবে স্ব-সুমারির পর্ব। নির্দিষ্ট পোর্টালে গিয়ে আবেদনকারীদের মোট ৩৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। বাড়ির তথ্যের পাশাপাশি পরিবারের সদস্যদের সম্পর্কিত তথ্যও সেখানে নথিভুক্ত করা হবে। প্রশাসনের দাবি, পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে গড়ে প্রায় ১০ মিনিট সময় লাগবে।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যজুড়ে জনগণনার কাজে ৩,৪০০ জন সুপারভাইজার এবং ১৪,৩৯৯ জন গণনাকারী নিযুক্ত রয়েছেন। তিনি বলেন, জনগণনার তথ্য কেবল সরকারি পরিকল্পনা ও জনকল্যাণমূলক নীতি নির্ধারণের জন্য ব্যবহার করা হবে। নাগরিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
প্রশাসনের সূচি অনুযায়ী, ১৬ অগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ‘ফিল্ড এনুমারেশন’ করবেন সরকারি কর্মীরা। এরপর দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যার বিশদ তথ্য সংগ্রহের কাজ চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। বহু বছর পর নতুন ডিজিটাল ব্যবস্থায় শুরু হওয়া এই জনগণনাকে প্রশাসন ভবিষ্যতের পরিকল্পনা প্রণয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবেই দেখছে।





