আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘সেবাশ্রয়’-এ দুর্নীতির অভিযোগে অভিষেকের বিরুদ্ধে থানায় নালিশ

Published on: July 1, 2026
---Advertisement---

কলকাতা, ১ জুলাই: তৃণমূলের ‘সেবাশ্রয়’ কর্মসূচি ঘিরে দুর্নীতির অভিযোগ তুলে এ বার থানার দ্বারস্থ হলেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। বুধবার বিষ্ণুপুর থানায় দায়ের করা অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে চিকিৎসা সংক্রান্ত অনিয়ম, আইন লঙ্ঘন এবং সরকারি প্রকল্পের অপব্যবহারের অভিযোগ তোলা হয়েছে।

অভিযোগকারীর দাবি, ‘সেবাশ্রয়’ শিবিরে যথাযথ যোগ্যতাসম্পন্ন চিকিৎসকের পরিবর্তে হাতুড়ে ও হোমিওপ্যাথি চিকিৎসকদের দিয়ে আধুনিক চিকিৎসা করানো হতো। অভিযোগপত্রে একটি প্রেসক্রিপশনের উল্লেখ করে দাবি করা হয়েছে, সেখানে রোগীর নাম ও বয়স থাকলেও রোগের বিবরণ বা চিকিৎসকের নিবন্ধন নম্বর ছিল না। পাশাপাশি, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ইউএসজি-সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ।

বিজেপি নেতার আরও দাবি, শিবিরে ভিড় বাড়ানোর জন্য স্থানীয় বাসিন্দাদের জোর করে নিয়ে আসা হতো। ওষুধের মান, মেয়াদ এবং চিকিৎসা পরিষেবার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অভিযোগের কপি ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারের কাছেও পাঠানো হয়েছে। অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তাঁর ঘনিষ্ঠ সহযোগী, কয়েক জন জনপ্রতিনিধি এবং শিবিরে যুক্ত চিকিৎসকদের নাম রয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।

এর আগে ‘সেবাশ্রয়’-এর সঙ্গে যুক্ত বলে দাবি করা এক চিকিৎসকও সংবাদমাধ্যমে অনিয়মের অভিযোগ তুলেছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসকের দাবি, শিবিরে রোগীদের বিভিন্ন পরীক্ষার পরামর্শ দিয়ে পরে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হতো। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় দীর্ঘ সময় ভর্তি রেখে সরকারি তহবিল থেকে বিল আদায়ের অভিযোগও তিনি তুলেছিলেন।

তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলির সত্যতা সম্পর্কেও প্রশাসনের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment