দিনহাটা, ২ মার্চঃ দিনহাটার মর্মান্তিক দুর্ঘটনায় মৃত পাঁচ শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াল জেলা প্রশাসন। রবিবার রাতে দিনহাটা থানায় এসে শোকসন্তপ্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন কোচবিহারের জেলাশাসক রাজু মিশ্রা, রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এবং কোচবিহার জেলা পুলিশ সুপার সন্দ্বীপ কাররা। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে কিছুটা হলেও ভরসা ফিরে পান মৃতদের পরিজনেরা।
উল্লেখ্য, সম্প্রতি দিনহাটায় নির্মাণকাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনায় গুরুতর জখম হন আরও কয়েকজন। হঠাৎ এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিজনেরা।
রবিবার রাতে থানায় গিয়ে পরিবারগুলির সঙ্গে কথা বলেন জেলাশাসক ও পুলিশ সুপার। তাঁরা জানান, এই কঠিন সময়ে জেলা প্রশাসন সর্বদা তাঁদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সবরকম সহযোগিতা করা হবে। মৃতদের পরিবারকে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়েও আশ্বাস দেন তাঁরা।
এই প্রসঙ্গে মন্ত্রী উদয়ন গুহ জানান, ইতিমধ্যেই ঘটনার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর গোচরে আনা হয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, মৃত প্রত্যেক শ্রমিকের পরিবারকে দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি, পরিবারের একজন সদস্যকে উপযুক্ত চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, প্রশাসন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
প্রশাসনের এই আশ্বাসে কিছুটা সান্ত্বনা পেলেও প্রিয়জন হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি মৃত শ্রমিকদের পরিবার।





