নয়াদিল্লি, ২৩ জুলাইঃ ককরোচ জনতা পার্টির আন্দোলনের জেরে টানা কয়েক দিন ধরে দিল্লির একাধিক মেট্রো স্টেশন বন্ধ। তার প্রভাব এ বার পৌঁছল সুপ্রিম কোর্টেও। আইনজীবী ও আদালতের কর্মীদের যাতায়াতে সমস্যা তৈরি হওয়ায় বিষয়টি প্রধান বিচারপতি সূর্য কান্তের নজরে আনেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ সিং। সেই আবেদনের প্রেক্ষিতে প্রয়োজন হলে নিজে হস্তক্ষেপের আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।
সংসদ অভিযান ঘিরে উত্তেজনার পর থেকেই নিরাপত্তার কারণে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। তার মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনও। ফলে আদালতে পৌঁছতে প্রতিদিনই সমস্যার মুখে পড়ছেন বহু আইনজীবী, মামলাকারী এবং আদালতের কর্মীরা।
বিকাশ সিং আদালতে জানান, অন্তত সুপ্রিম কোর্টের পরিচয়পত্র দেখিয়ে আইনজীবীদের মেট্রোয় যাতায়াতের অনুমতি দেওয়া হোক। সেই আবেদন শুনে প্রধান বিচারপতি বলেন, প্রথমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুক। তাতেও সমাধান না হলে তিনি নিজে বিষয়টি দেখবেন। পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ার কারণে কোনও আইনজীবী আদালতে উপস্থিত হতে না পারলে, তাঁর বিরুদ্ধে কোনও বিরূপ পদক্ষেপ করা যাবে না।
‘ককরোচ’ আন্দোলন ঘিরে গত কয়েক দিনে রাজধানীতে উত্তেজনা ক্রমশ বেড়েছে। সংসদ অভিযানের সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের অভিযোগ ওঠে। সেই ঘটনার পরই নিরাপত্তার স্বার্থে একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।
এর মধ্যেই আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় জরুরি শুনানির আবেদনও পৌঁছেছিল সুপ্রিম কোর্টে। তবে শীর্ষ আদালত সেই আবেদন গ্রহণ করেনি। প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, আদালতের মূল্যবান সময় অযথা নষ্ট করা উচিত নয়। ভিডিও ফুটেজ দেখার জন্য আদালতের সময় নেই বলেও মন্তব্য করেন তিনি।
আন্দোলনের জেরে রাজধানীর স্বাভাবিক জনজীবন ও বিচারব্যবস্থার দৈনন্দিন কাজকর্মে যে প্রভাব পড়ছে, মেট্রো ইস্যুতে প্রধান বিচারপতির মন্তব্যে সেই বাস্তবতাই আরও স্পষ্ট হয়ে উঠল।





