জলপাইগুড়ি, ৫ মেঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গয়েরকাটায় সরকারি দপ্তরের রং পরিবর্তন ঘিরে উত্তেজনা ছড়াল। অভিযোগ, সাঁকোয়াঝরা-১ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের নীল-সাদা রং মুছে গেরুয়া রং করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে বিক্ষোভ ও রাজনৈতিক চাপানউতোর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচন ফল প্রকাশের পর থেকেই পঞ্চায়েত দপ্তরে অনুপস্থিত তৃণমূলের প্রধান, উপপ্রধান ও অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিজেপি কর্মী-সমর্থকরা পঞ্চায়েত কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। “চোর চোর” স্লোগান তুলে তারা ক্ষোভ প্রকাশ করেন।
শুধু পঞ্চায়েত দপ্তরই নয়, অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নির্মিত একটি ম্যারেজ হলেও গেরুয়া পতাকা লাগিয়ে রং পরিবর্তন করা হয়েছে। বিজেপি কর্মীরা এটিকে তাদের জয়ের প্রতীক হিসেবে তুলে ধরছেন এবং উল্লাসে মেতে ওঠেন।
যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, প্রশাসনিক দপ্তরের রং পরিবর্তন করা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে নজরদারি বাড়ানো হয়েছে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। আপাতত এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের দাবি।





