কলকাতা, ২১ মেঃ অনুপ্রবেশকারী ইস্যুতে ফের কড়া অবস্থান নিল রাজ্য সরকার। এবার হাওড়া স্টেশনে কোনও অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে আর আদালতে পেশ করা হবে না, সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাওড়ায় প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নির্দেশের কথা জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, হাওড়া পুলিশ কমিশনারেটের কমিশনারকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, অনুপ্রবেশকারী ধরা পড়লে প্রয়োজনীয় প্রক্রিয়া মেনে তাদের বনগাঁ সীমান্ত দিয়ে বিএসএফের হাতে তুলে দিতে হবে। এরপর বিএসএফ আইন অনুযায়ী বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত পাঠাবে।
এর আগেই বুধবার রাজ্যে ‘পুশব্যাক’ নীতি কার্যকর করার ঘোষণা করেছিল সরকার। কেন্দ্রের নির্দেশিকা মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। মুখ্যমন্ত্রীর দাবি, সিএএ-র আওতায় থাকা কোনও হিন্দু ধর্মাবলম্বী বা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা নির্যাতিত সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। বরং তাঁরা আইন অনুযায়ী ভারতের নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন।
তিনি আরও জানান, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যারা ভারতে বা বাংলায় এসেছেন এবং সিএএ-র আওতায় পড়েন, তাদের পুলিশ কোনওভাবেই হেনস্তা বা আটক করতে পারবে না। তবে যারা সিএএ-র আওতায় নেই, তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবেই গণ্য করা হবে এবং পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেবে।
এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মতুয়া সম্প্রদায়ের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, বৈধ প্রক্রিয়ায় আসা শরণার্থীদের কোনও সমস্যা হবে না।






