শীতলকুচি, ১৮ জুলাই : জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের নগর লালবাজার গ্রামে। শনিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় উভয় পক্ষের একাধিক সদস্য আহত হন। ঘটনার জন্য দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা নারায়ণ চন্দ্র পাল ও সমীর কুণ্ডুর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে সেই বিবাদের জেরে প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা বাধে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে হাতাহাতিতে পরিণত হয়।
নারায়ণ চন্দ্র পালের অভিযোগ, তাঁদের অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রতিপক্ষ তাঁদের জমিতে বেড়া দিয়ে দেয়। সেই ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই উত্তেজনা চলছিল। তাঁর দাবি, এদিন আবর্জনা ফেলতে গেলে তাঁদের গালিগালাজ করা হয় এবং পরে পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় তাঁদের পরিবারের চারজন আহত হয়েছেন বলে অভিযোগ।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সমীর কুণ্ডুর স্ত্রী প্রতিমা কুণ্ডু। তাঁর দাবি, তাঁদের জমিতে দেওয়া বেড়া ভাঙতে এলে তাঁরা বাধা দিতে যান। সেই সময় নারায়ণ চন্দ্র পাল ও তাঁর পরিবারের সদস্যরাই তাঁদের উপর হামলা চালান।
ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতির উপর নজর রাখে। পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত শুরু করা হবে। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।




