কলকাতা, ২৭ মেঃ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ জানিয়ে দিয়েছে, এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ ও সংবিধানসম্মত। তবে একইসঙ্গে আদালত স্পষ্ট করেছে, ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লেই তিনি দেশের নাগরিক নন এমন ব্যাখ্যা করা যাবে না।
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নির্বাচন কমিশন ভোটার তালিকা যাচাই ও সংশোধনের জন্য অনুসন্ধান চালাতে পারে। কিন্তু সেই অনুসন্ধানের উদ্দেশ্য শুধুমাত্র ভোটাধিকার নির্ধারণ করা, নাগরিকত্ব নয়। আদালতের সাফ বক্তব্য, “ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া মানেই নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়।”
সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, নাগরিকত্ব নির্ধারণ করার একক অধিকার নির্বাচন কমিশনের নেই। কমিশন কোনও ব্যক্তির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে শুধুমাত্র ভোটার তালিকায় তাঁর নাম থাকা উচিত কি না, সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য। তবে সেই প্রক্রিয়ার ফলাফল নাগরিকত্বের উপর সরাসরি প্রভাব ফেলবে না।
বেঞ্চের মতে, ভোটার তালিকায় নাম থাকা নাগরিকত্বের প্রাথমিক স্বীকৃতি হলেও প্রয়োজন অনুযায়ী আইন মেনে যাচাই করায় কোনও অসাংবিধানিকতা নেই। আদালত আরও জানায়, স্বচ্ছ ও ন্যায্য পদ্ধতিতে নির্দিষ্ট নথি চাওয়া নির্বাচন কমিশনের ক্ষমতার মধ্যেই পড়ে।
এই রায়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ও আইনজ্ঞ মহল। কারণ সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছিল। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণে সেই বিভ্রান্তি অনেকটাই কাটবে বলে মনে করা হচ্ছে।




