কলকাতা, ১৯ জুনঃ বিধানসভার বিরোধী দলনেতার স্বীকৃতি সংক্রান্ত তথাকথিত সই জালিয়াতি মামলায় নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ ও প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাই কোর্ট বার অ্যাসোসিয়েশনের কাছে লিখিত অভিযোগ জানিয়ে দাবি করেছেন, মামলায় আইনজীবী হিসেবে সওয়াল করার কারণেই তাঁকে সিআইডির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য ফোন করা হয়েছে।
বার অ্যাসোসিয়েশনকে লেখা চিঠিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলায় তৃণমূল কংগ্রেসের পক্ষে সওয়াল করছেন। মামলাটি বিরোধী দলনেতার স্বীকৃতি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। এদিকে, কয়েকজন বিধায়কের স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ ওঠার পর বিধানসভার সচিব হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেন। পরে তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়।
চিঠিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তিনি টানা তিন দিন আদালতে মামলাটি নিয়ে সওয়াল করার পর তাঁর মোবাইলে ফোন আসে। পার্থ ভট্টাচার্য নামে এক ব্যক্তি নিজেকে সিআইডি আধিকারিক পরিচয় দিয়ে ওই মামলার বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। এই ঘটনার পরই প্রশ্ন তুলে তিনি বলেন, কোনও ফৌজদারি মামলায় আদালতে সওয়ালরত একজন সিনিয়র আইনজীবীকে পুলিশ কীভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে পারে?
তিনি বার অ্যাসোসিয়েশনের কাছে আবেদন জানিয়েছেন, আইনজীবীদের মর্যাদা, সম্মান এবং পেশাগত বিশেষ অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।
উল্লেখ্য, সই জাল কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-কেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত যত এগোচ্ছে, ততই রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।





