জলপাইগুড়ি, ২৪ মার্চঃ আজ উত্তরবঙ্গে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তিনি ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চালসার হেলিপ্যাড টিয়াবনে নামবেন। সেখান থেকে সড়কপথে চালসা সংলগ্ন মঙ্গলবাড়ী বস্তির সেন্ট লাকি ক্যাথলিক চার্চ জ্যোতি আশ্রমে যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।
সেখানে তিনি কথা বলবেন ডুয়ার্সের বিভিন্ন এলাকার ফাদার, পাস্টার ও সিস্টারদের সাথে। আর এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। কর্মসূচি শেষে চালসা – মেটেলি রাজ্য সড়কের পাশে থাকা একটি হোটেলে রাত্রি যাপন করবেন বলে জানা গেছে। এরপর আগামীকাল ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাম মোহন রায়ের সমর্থনে জনসভা করবেন তিনি।





