খবরিয়া ২৪ ডেস্ক, ২৭ জানুয়ারি: মুখে দুর্গন্ধ হলে অনেকেই দ্রুত সমাধান হিসেবে চুয়িং গাম চিবোন। বিশেষ করে যৌন সম্পর্কের আগে নিজেকে আত্মবিশ্বাসী রাখতে এই অভ্যাস বহু মানুষের মধ্যেই দেখা যায়। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, এই অভ্যাস আদৌ নিরাপদ নয়। বরং যৌন স্বাস্থ্যের পক্ষে তা ক্ষতিকর হতে পারে—বিশেষত পুরুষদের ক্ষেত্রে।
সম্প্রতি ‘ইউরোলজি’ নামক আন্তর্জাতিক মেডিক্যাল জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে চুয়িং গাম ও যৌন স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক তুলে ধরা হয়েছে। গবেষণায় দাবি করা হয়েছে, যৌন সম্পর্কের আগে চুয়িং গাম চিবোন কোনও উপকার তো করেই না, বরং শরীরের গুরুত্বপূর্ণ হরমোনের উপর নেতিবাচক প্রভাব ফেলে।
বিশেষজ্ঞদের মতে, চুয়িং গামে থাকা পেপারমিন্ট পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমিয়ে দিতে পারে। টেস্টোস্টেরনই পুরুষদের যৌন ইচ্ছা ও কর্মক্ষমতার অন্যতম প্রধান নিয়ামক। গবেষণায় আরও দেখা গিয়েছে, এমনকি মিন্ট চা নিয়মিত পান করলেও পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। সেখানে চুয়িং গামে পেপারমিন্টের পরিমাণ আরও বেশি হওয়ায় ক্ষতির সম্ভাবনাও বাড়ে।শুধু পুরুষ নয়, নারীরাও এই অভ্যাসের ফলে সমস্যায় পড়তে পারেন। যৌন সম্পর্কের সময় নারীদের শরীরেও বিভিন্ন হরমোনের স্বাভাবিক ওঠানামা ঘটে। চুয়িং গাম চিবোনের ফলে এই হরমোনগুলির ভারসাম্য নষ্ট হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। পাশাপাশি অতিরিক্ত চুয়িং গাম চিবোনে হজমের সমস্যা, গ্যাস বা পেট ফাঁপার মতো সমস্যাও দেখা দিতে পারে।
তাহলে মুখের দুর্গন্ধ দূর করার নিরাপদ উপায় কী? চিকিৎসকদের পরামর্শ, যৌন সম্পর্কের আগে ভালো করে দাঁত মাজা সবচেয়ে কার্যকর ও স্বাস্থ্যকর পদ্ধতি। যাঁদের নিয়মিত মুখে দুর্গন্ধের সমস্যা রয়েছে, তাঁদের পেট পরিষ্কার হচ্ছে কি না সেদিকে নজর দিতে হবে। দিনে অন্তত দু’বার, বিশেষ করে খাবারের পর দাঁত মাজা জরুরি। তাতেও সমস্যা না কমলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা।





