উত্তর ২৪ পরগনা, ২৯ এপ্রিলঃ উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভাঙচুর ও মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি, তাঁরা নির্বাচন কমিশনের নিয়ম মেনে বুথ থেকে প্রায় ১০০ মিটার দূরে বুথ অফিস চালাচ্ছিলেন।
অভিযোগ, দুপুরের খাবারের সময় আচমকাই সেখানে হাজির হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কোনওরকম সতর্কতা ছাড়াই তারা লাঠিচার্জ শুরু করে বলে দাবি তৃণমূলের। ঘটনাস্থলে থাকা চেয়ার-টেবিল ভেঙে দেওয়া হয় এবং কর্মীদের খাবার তছনছ করে দেওয়া হয় বলেও অভিযোগ।
এই ঘটনায় একাধিক তৃণমূল কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় এবং কিছু সময়ের জন্য পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের কর্মীদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
তবে এই অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় বাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।





