কলকাতা, ১ আগস্টঃ কেউ বার্ধক্যের অসুখে জর্জরিত, কেউ আবার সামান্য পেনশনের টাকায় সংসার চালাতেই হিমশিম। সক্রিয় রাজনীতি থেকে সরে এলেও জীবনযুদ্ধ থামেনি। সেই বাস্তবতার কথা তুলে ধরে এ বার পেনশন বৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্যের প্রাক্তন বিধায়কেরা।
শুক্রবার বিধানসভায় প্রাক্তন বিধায়কদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে বিধানসভা সূত্রের খবর। বৈঠকে বাম, কংগ্রেস ও তৃণমূল বিভিন্ন রাজনৈতিক দলের প্রাক্তন বিধায়কেরা উপস্থিত ছিলেন। তাঁদের অভিন্ন দাবি, বর্তমান পেনশনের অঙ্কে সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে।
প্রাক্তন বিধায়কদের বক্তব্য, পশ্চিমবঙ্গে বর্তমানে মাসিক পেনশন ১৪ হাজার থেকে ১৮ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ। অথচ মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড বা কর্নাটকের মতো একাধিক রাজ্যে সেই অঙ্ক ৪০ হাজার থেকে ৭০ হাজার টাকার মধ্যে। সেই বৈষম্যের প্রসঙ্গ তুলে বাংলাতেও ন্যূনতম ৫০ হাজার টাকা পেনশন চালুর দাবি জানাতে চান তাঁরা।
বিধানসভা সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ও অধ্যক্ষের সঙ্গে আলোচনা করেছেন। প্রাক্তন বিধায়কদের দাবি, দীর্ঘদিন ধরে এই বিষয়টি ঝুলে রয়েছে। নতুন সরকারের কাছে তাই দ্রুত ইতিবাচক সিদ্ধান্তের আশা করছেন তাঁরা।
শুধু পেনশন নয়, বিধায়ক হস্টেলের ভাড়াও কমানোর দাবি উঠেছে। প্রাক্তন বিধায়কদের বক্তব্য, জেলা থেকে প্রায়ই কলকাতায় বিভিন্ন সাংগঠনিক বা ব্যক্তিগত কাজে আসতে হয়। বর্তমানে এমএলএ হস্টেলে থাকতে প্রতি রাতের জন্য ৬০০ টাকা গুনতে হয়, যা অনেকের পক্ষেই বহন করা কঠিন। ফলে পেনশনের পাশাপাশি হস্টেলের ভাড়া কমানোর বিষয়েও সরকারের হস্তক্ষেপ চাইছেন তাঁরা।





