নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ডিএ, নিয়োগ, বেকারভাতা থেকে শুরু করে একগুচ্ছ জনমুখী ঘোষণার মধ্যেই প্রশাসনিক পুনর্গঠনের বড় বার্তা দিল বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। সোমবার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, রাজ্যে পাঁচটি নতুন জেলা গঠনের প্রস্তাব নেওয়া হয়েছে। প্রস্তাবিত নতুন জেলাগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। পাশাপাশি কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা গঠনের কথাও বাজেটে জানানো হয়েছে।
অর্থমন্ত্রীর দাবি, প্রশাসনিক কাজকর্ম আরও দ্রুত, কার্যকর এবং মানুষের নাগালের মধ্যে পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, নতুন জেলা ও প্রশাসনিক পরিকাঠামো তৈরি হলে সাধারণ মানুষ সরকারি পরিষেবা আরও দ্রুত পাবেন। দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের দাবি উঠছিল। সেই প্রেক্ষিতে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।
নতুন জেলার পাশাপাশি একাধিক নতুন পুরসভা গঠনের প্রস্তাবও রাখা হয়েছে বাজেটে। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, শিবমন্দির, গাজোল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গিদিঘিতে নতুন পুরসভা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও গোপীবল্লভপুরে নতুন মহকুমা তৈরির কথাও জানানো হয়েছে। খুব শীঘ্রই এই বিষয়ে কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী।
উল্লেখযোগ্য ভাবে, পূর্বতন তৃণমূল সরকারের আমলে সুন্দরবন ও বসিরহাটকে নতুন জেলা করার ঘোষণা একাধিক বার করা হলেও তা বাস্তবায়িত হয়নি। সেই আবহে সরকার বদলের পরে বিজেপি সরকারের বাজেটে একই প্রস্তাব ফের সামনে আসায় রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। প্রশাসনিক মহলের একাংশের মতে, প্রস্তাবগুলি বাস্তবায়িত হলে পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সুবিধা বাড়বে। তবে সবটাই নির্ভর করছে, বাজেটের ঘোষণার পরে কত দ্রুত প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা যায় তার উপর।





