খবরিয়া ২৪ ডেস্ক, ২৫ জানুয়ারিঃ বক্স অফিসে ফের পুরনো দাপট ফিরে পেল বলিউড। কিছুদিন আগেই রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ প্রেক্ষাগৃহ কাঁপালেও এবার সেই জায়গা দখল করে নিল সানি দেওলের বহু প্রতীক্ষিত ছবি ‘বর্ডার ২’। ১৯৯৭ সালের সুপারহিট ‘বর্ডার’-এর নস্টালজিয়াকে সামনে রেখে মুক্তি পাওয়া এই ছবিটি অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করতে শুরু করেছে। কাস্ট নির্বাচন নিয়ে শুরুতে কিছু সমালোচনা থাকলেও ছুটি শুরু হতেই হু হু করে বেড়েছে টিকিট বিক্রি।
মুক্তির প্রথম দিনেই ৩০ কোটি টাকা আয় করে বক্স অফিসে শক্তিশালী সূচনা করে ‘বর্ডার ২’। শনিবারেও সেই সাফল্যের ধারা বজায় থাকে। দ্বিতীয় দিনে ছবির আয় দাঁড়ায় ৩৩ কোটি টাকায়। অর্থাৎ মাত্র দু’দিনেই ৬০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে এই দেশাত্মবোধক ছবি। বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় দিনে ছবির আয় প্রায় ১০ শতাংশ বেড়েছে, যা বড় বাজেটের ছবির ক্ষেত্রে খুব একটা দেখা যায় না।
সাধারণত মুক্তির পর দ্বিতীয় দিনে আয়ের অঙ্ক কিছুটা কমে যাওয়াই রীতি। কিন্তু ‘বর্ডার ২’ সেই ধারাকে ভেঙে দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিন সবখানেই সানি দেওলের উপস্থিতি দর্শকদের টানছে। আগাম টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও ছবিটি এগিয়ে রয়েছে। রবিবার ছবিটির আয় ৪০ কোটি টাকার কাছাকাছি পৌঁছতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তেমন হলে মাত্র তিন দিনেই ১০০ কোটির ক্লাবে ঢুকে নতুন রেকর্ড গড়বে ‘বর্ডার ২’।
অন্যদিকে, বক্স অফিসের দৌড়ে এখনও টিকে থাকলেও ‘বর্ডার ২’-এর সামনে অনেকটাই ফিকে হয়ে গিয়েছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। মুক্তির পরপরই ২০২৬ সালের প্রথম ব্লকবাস্টারের তকমা পেতে চলেছে সানি দেওলের ছবি। আগামীকাল ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস হওয়ায় লম্বা উইকেন্ড মিলছে। দেশাত্মবোধক আবহে এই সময় আরও বেশি দর্শক প্রেক্ষাগৃহে ভিড় জমাবেন বলেই আশা করা হচ্ছে।
১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ‘বর্ডার ২’-এ সানি দেওলের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ ও আহান শেট্টি। সব মিলিয়ে বক্স অফিসে সোনালি সময়ে ফিরছে বলিউড এমনটাই মনে করছেন চলচ্চিত্র মহল।





