মালদা, ১৪ মেঃ মালদার মুচিয়া অঞ্চলের ডাহুক ঘাটে টাঙ্গন নদীতে ধান বোঝাই নৌকা ডুবে দুই ধান কাটার শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনা এলাকায় শোক ও চাঞ্চল্য সৃষ্টি করেছে। জমির মালিকের ধান নদীর ওপারে নিয়ে যাওয়ার সময় আচমকাই নৌকাটি ডুবে যায়। চারজন শ্রমিক নদীতে পড়ে যান, দুইজনকে স্থানীয়দের তৎপরতায় জীবিত উদ্ধার করা সম্ভব হলেও জাহাঙ্গীর মিয়া (২৪) ও জাকির মিয়া (২৩) এখনও নিখোঁজ রয়েছেন।
দুই যুবকের বাড়ি কালিয়াচকের গোলাপগঞ্জ এলাকার চোরিঅনন্তপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে ১৩ জনের একটি দল ধান কাটার কাজে মুচিয়া এলাকা এসেছিলেন।
বৃহস্পতিবার সকাল থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী, কেন্দ্রীয় বাহিনী ও মালদা থানার পুলিশ নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে। ডুবুরির সাহায্যে দীর্ঘক্ষণ অনুসন্ধান করা হলেও নিখোঁজদের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এলাকায় শোক ও উদ্বেগের আবহ তৈরি হয়েছে।





